বেস স্টেশন পরিচালনায় সৌরবিদ্যুৎ কিনছে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত নয়, এ রকম ১৪০টি বেস স্টেশন স্থাপনা পরিচালনার জন্য সৌরবিদ্যুৎ কিনছে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। এ লক্ষ্যে গত রোববার তিনটি সৌরবিদ্যুৎ উৎপাদক কোম্পানির সঙ্গে আলাদাভাবে চুক্তি সই করেছে গ্রামীণফোন। কোম্পানি তিনটি হচ্ছে—কসমস এনার্জি সার্ভিসেস, ইনজেন টেকনোলজি ও একমি টেলি পাওয়ার।এসব চুক্তির আওতায় সৌরবিদ্যুৎ উৎপাদক কোম্পানিগুলো গ্রামীণফোনের বেস স্টেশন প্রাঙ্গণে সোলার প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণ করবে। তাদের কাছ থেকে গ্রামীণফোন ব্যবহার (কিলোওয়াট আওয়ার) ভিত্তিতে আগামী ১০ বছর বিদ্যুৎ কিনবে। এ ছাড়া ১০ বছর ব্যবহারের পর স্থাপনা কিনে নেওয়ার ব্যবস্থাও রয়েছে চুক্তিতে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল, কসমস এনার্জি সার্ভিসেসের বিপণন পরিচালক এম এ রিয়াজ, ইনজেন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সরকার এবং একমি টেলি পাওয়ারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আমাজিৎ গুপ্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ওডভার হেশজেদাল বলেন, ‘আমরা এই অঞ্চলের বৃহত্তম সৌরবিদ্যুৎচালিত মোবাইল ফোন নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্য স্থির করেছি। এই চুক্তির আওতায় গ্রামীণফোন ২০১০ সালের শেষ নাগাদ ১৪০টি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবে। এই উদ্যোগ সম্পন্ন হলে বছরে সাড়ে ১১ লাখ লিটার পর্যন্ত ডিজেল-জ্বালানি সাশ্রয় হবে এবং কোম্পানির বার্ষিক কার্বন নিঃসরণ তিন হাজার ৬২ টন কমবে।’ উল্লেখ্য, গ্রামীণফোন গত কয়েক বছর ধরে নবায়নযোগ্য শক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। সে অনুযায়ী এই প্রতিষ্ঠান ইতিমধ্যে ১৪টি সৌরবিদ্যুৎচালিত এবং একটি বায়ুশক্তিচালিত বেস স্টেশন স্থাপন করেছে। পরিবেশগত রোডম্যাপের লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রামীণফোন ২০১৫ সালের মধ্যে তার কার্বন নিঃসরণের পরিমাণ ২০০৮ সালের তুলনায় ৩০ শতাংশ হ্রাসের লক্ষ্য স্থির করেছে।