বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে নির্ধারিত ভাড়া থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোতে সরকার-নির্ধারিত কোনো জমির ভাড়া থাকবে না। সেখানে ভাড়ার হার ঠিক হবে বিনিয়োগকারী ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর-কষাকষির মাধ্যমে। এ ক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কোনো হস্তক্ষেপও করবে না।
তবে সরকারিভাবে প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলগুলোতে নির্ধারিত ভাড়া থাকবে। ৫ জানুয়ারি বেজার বোর্ড সভায় সরকারি অর্থনৈতিক অঞ্চলে ভাড়ার হার অনুমোদন দেওয়া হয়েছে।
বিনিয়োগের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীর কাছে অর্থনৈতিক অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভবিষ্যতে সরকার অর্থনৈতিক অঞ্চলের বাইরে শিল্প প্রতিষ্ঠাকে নিরুৎসাহিত করছে। অন্যদিকে গ্যাসের সংযোগে অর্থনৈতিক অঞ্চলগুলো গুরুত্ব পাবে। পাশাপাশি বিনিয়োগে কর-ছাড়সহ বিভিন্ন সুবিধাও থাকবে।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সম্প্রতি বলেন, ‘বেসরকারি অর্থনৈতিক অঞ্চল যারা প্রতিষ্ঠা করবে, তারাই বিনিয়োগকারীদের খুঁজে আনবে। ভাড়াও তারাই ঠিক করবে। এ ক্ষেত্রে বেজা হস্তক্ষেপ করবে না।’
২০৩০ সাল নাগাদ সরকার দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে চায়। এর বেশির ভাগ সরকারিভাবে ও বেশ কিছু বেসরকারি খাতের উদ্যোক্তারা প্রতিষ্ঠা করবে। ইতিমধ্যে বেসরকারি খাতে দুটি অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে। আরও ১১টি অর্থনৈতিক অঞ্চল প্রাকযোগ্যতা লাইসেন্স পেয়েছে। মেঘনা গ্রুপ, আবদুল মোনেম লিমিটেড, এ কে খান অ্যান্ড কোম্পানি, বে, বসুন্ধরা গ্রুপ গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেরা জমি কিনে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু করেছে। জানা গেছে, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে অনেক বিনিয়োগ প্রস্তাব এসেছে। কয়েকটির জমিও শেষ। তবে তারা ব্যবসায়িক গোপনীয়তা রক্ষায় কত ভাড়ায় জমি বরাদ্দ দিয়েছে, তা জানাতে রাজি হয়নি।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের করা সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন ও বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল জমির ভাড়ার একটি তুলনামূলক চিত্র বের করেছে। সেখানে বলা হয়েছে, ৫০ বছরের জন্য এককালীন ইজারার ভিয়েতনামের ভিএসআইপি বিন ডুয়ং-১ নামের একটি অর্থনৈতিক অঞ্চলে প্রতি বর্গমিটারে ১১৭ মার্কিন ডলারে জমি পাওয়া যায়। থাইল্যান্ডের আমাতা নাকর্ন ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি বিক্রি করা হয়, যার জন্য প্রতি বর্গমিটারের দাম দিতে হয় ১৩১ ডলার। ইন্দোনেশিয়ার এমএম-২১০০ ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির বিক্রয়মূল্য প্রতি বর্গমিটারে ২৫০ ডলার। কম্বোডিয়ার নমপেন স্পেশাল ইকোনমিক জোনে প্রতি বর্গমিটারের ভাড়া ৯৯ বছরে ৬০ ডলার। ভারতের চেন্নাইয়ে মহেন্দ্র ওয়ার্ল্ড সিটির প্রতি বর্গমিটারের ভাড়া ৯৯ বছরে ১৪০ ডলার। বাংলাদেশের একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ভাড়া ঠিক করেছে ৯৯ বছরে প্রতি বর্গমিটারে ১২০ ডলার।
বেজার গভর্নিং বোর্ড সরকারি ১৬টি অর্থনৈতিক অঞ্চলে জমির যে ইজারা মূল্য ঠিক করে, তা তুলনামূলক অনেক কম। বেজা এসব অর্থনৈতিক অঞ্চলে এককালীন ৫০ বছরের ক্ষেত্রে প্রতি বর্গমিটার জমির ইজারা মূল্য বছরে শূন্য দশমিক ৩৫ থেকে শূন্য দশমিক ৮০ ডলার প্রস্তাব করেছিল। তবে বছর ভিত্তিতে কোনো বিনিয়োগকারী জমি নিতে চাইলে তাকে প্রতি বর্গমিটারে ভাড়া দিতে হবে শূন্য দশমিক ৯০ ডলার থেকে ২ ডলার পর্যন্ত। বেজার গভর্নিং বোর্ড এ হার আরও ২৫ শতাংশ কমিয়ে ধরেছে।
জানতে চাইলে আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চল অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম মইনুদ্দিন মোনেম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে জমির দাম অনেক বেশি। এ কারণে ভাড়া একটু বেশি হবে। তবে সব মিলিয়ে আমরা বিনিয়োগকারীদের এমন একটি প্যাকেজ দেওয়ার চেষ্টা করব, যাতে তা ভিয়েতনামসহ অন্যান্য প্রতিযোগী দেশের চেয়ে আকর্ষণীয় হয়।’