বেসরকারি ঋণ কোথায় যাচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ তসলিম অধ্যাপক, ঢাবি
এম এ তসলিম অধ্যাপক, ঢাবি

ঘোষিত মুদ্রানীতিকে আগের মুদ্রানীতিগুলোর ধারাবাহিকতা বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম। গতকাল মঙ্গলবার বিকেলে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ অভিমত দেন। তিনি বলেন, ঘোষিত মুদ্রানীতিতে বড় ধরনের পরিবর্তন নেই। শুধু বেসরকারি খাতের ঋণপ্রবাহ বৃদ্ধি করা ছাড়া অন্যান্য ক্ষেত্রে আগের নীতিরই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।
এম এ তসলিম বলেন, আগের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির যে লক্ষ্য ধরা হয়েছিল সেটি অতিক্রম করে গেছে। এ কারণে এবারের মুদ্রানীতিতে ১৬ দশমিক ৬ শতাংশ ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে। আগের মুদ্রানীতিতে যার পরিমাণ ছিল ১৪ দশমিক ৮ শতাংশ। একদিকে বেসরকারি বিনিয়োগ কমেছে, অন্যদিকে বেসরকারি খাতে ঋণ বেড়েছে। ফলে এখানে একধরনের অসামঞ্জস্য আছে। তাই বাংলাদেশ ব্যাংকের উচিত বেসরকারি খাতের ঋণগুলো কোথায় যাচ্ছে তা খতিয়ে দেখা। সেটা না করেই ঋণের পরিমাণ বরং আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া কোর মূল্যস্ফীতি কেন বাড়ছে তা খতিয়ে দেখা দরকার বলেও মনে করেন ট্যারিফ কমিশনের সাবেক এই চেয়ারম্যান। তিনি বলেন, আমরা দেখছি আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম কমে যাওয়ায় দেশেও খাদ্য মূল্যস্ফীতি কমেছে। সেখানে মুদ্রানীতির তেমন কোনো প্রভাব নেই। অথচ কোর মূল্যস্ফীতি অনেক বেড়ে যাচ্ছে।