বেসরকারি ঋণ প্রবৃদ্ধির হার বাড়ানোর প্রস্তাব
দেশের বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির হার ২০ শতাংশে উন্নীত করা দরকার বলে মনে করে ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। সংস্থাটি বলেছে, ২০২১ সাল নাগাদ বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্য হচ্ছে সাড়ে ৯ হাজার কোটি ডলার। মুদ্রানীতি ও আর্থিক নীতির যৌক্তিক পদ্ধতিগত উন্নয়ন ছাড়া এ লক্ষ্য অর্জন করা কষ্টসাধ্য ব্যাপার।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয় ভাগের জন্য বাংলাদেশ ব্যাংক গত রোববার মুদ্রানীতি ঘোষণা করেছে। তার ওপর ভিত্তি করে নিজেদের মতামত তুলে ধরেছে বিল্ড। ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ১৬ শতাংশ।
সংস্থাটি বলেছে, গত নভেম্বরে দেশে ব্যাপক মুদ্রা সরবরাহের (ব্রড মানি) প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১৫ দশমিক ৮ শতাংশ। কিন্তু অর্জিত হয়েছে ১৩ দশমিক ৮ শতাংশ। এর মানে হলো মুদ্রা সরবরাহের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কম। বিল্ড মনে করে, সাধারণত ব্যাপক মুদ্রা সরবরাহ তখনই বৃদ্ধি পায়, যখন ব্যাংক বিভিন্ন কোম্পানি ও বেসরকারি খাতে বেশি ঋণ দেয়। কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রদানের হার বিগত কয়েক মাস ধরে কমছে।
মুদ্রানীতির বরাত দিয়ে বিল্ড বলেছে, গত জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল প্রায় ১৭ শতাংশ, যা গত নভেম্বরে ১৫ শতাংশ নেমে এসেছে। এটা বেসরকারি খাতের উন্নয়নের পথে হুমকি হিসেবে প্রতীয়মান হচ্ছে। বিল্ড আরও বলেছে, সরকারি খাতেও ঋণ সরবরাহ কমে গেছে। এ খাতে প্রত্যাশিত প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৮ শতাংশ। তবে ঋণ ১ দশমিক ৩ শতাংশ কমে গেছে। বিল্ড মনে করে, এর কারণ বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার অভাব।