বেসরকারি ঋণ বাড়ানোর নতুন মুদ্রানীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ঋণের সঠিক ব্যবহার নিয়ে কঠোর থাকার কথাও জানিয়েছে।

নতুন মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, সরকারি-বেসরকারি উভয় খাতেরই উৎপাদনমুখী প্রকল্পের জন্য বিদেশি ঋণ গ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা থাকবে। অপরিবর্তিত থাকবে নীতিনির্ধারণী সুদের হার। এ ছাড়া কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহজে ও স্বল্প সুদে ঋণ পাওয়ার বিষয়টি নজরদারিতে রাখা হবে।

গত ২০ মার্চ দায়িত্ব নিয়ে গভর্নর ফজলে কবির তাঁর মেয়াদের প্রথম মুদ্রানীতি ঘোষণা করেন গতকাল মঙ্গলবার। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এ মুদ্রানীতি ঘোষণার সময় আগের মুদ্রানীতির লক্ষ্য অর্জিত হয়েছে বলে শুরুতেই সাবেক গভর্নর আতিউর রহমানকে ধন্যবাদ জানান ফজলে কবির। গভর্নর নতুন মুদ্রানীতিকে ‘সতর্কতামূলক ও অন্তর্ভুক্তিমূলক’ বলে অভিহিত করেন।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের সঞ্চালনায় দুই ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী, পরিবর্তন ব্যবস্থাপনা উপদেষ্টা আল্লাহ্ মালিক কাজেমি এবং কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা ফয়সাল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঘোষিত মুদ্রানীতিতে জুলাই-ডিসেম্বর সময়ের জন্য বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ দশমিক ৬ শতাংশ। জানুয়ারি-জুন সময়ের জন্য যা ছিল ১৪ দশমিক ৮ শতাংশ। গত মে পর্যন্ত বেসরকারি ঋণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৬ দশমিক ৪ শতাংশ হয়েছে।

জুলাই-ডিসেম্বরের মুদ্রানীতিতে ব্যাপক মুদ্রা সরবরাহ ১৪ দশমিক ৮ শতাংশ ও রিজার্ভ মুদ্রা সরবরাহ ১১ শতাংশ ধরা হয়েছে। যদিও গত মে পর্যন্ত ব্যাপক মুদ্রা সরবরাহ ১৪ শতাংশ ও রিজার্ভ মুদ্রা সরবরাহ ২০ দশমিক ৯ শতাংশ ছাড়িয়েছে।

চলতি অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ ও মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ ধরা হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখেই ২০১৬-১৭ অর্থবছরে ব্যাপক মুদ্রার লক্ষ্যমাত্রা ১৫ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে বলে জানান গভর্নর।

গভর্নর ফজলে কবির বলেন, ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা পর্যাপ্তই বলে তাঁর কাছে মনে হয়। তিনি বলেন, অভ্যন্তরীণ ঋণের পাশাপাশি সাশ্রয়ী সুদে বৈদেশিক অর্থায়ন সংগ্রহের সুযোগ আগের মতোই উন্মুক্ত থাকবে।

ঋণের যথাযথ ব্যবহার প্রসঙ্গে গভর্নর বলেন, ‘এই ঋণপ্রবাহ অনুৎপাদনশীল খাতে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার না হয়ে যাতে অভ্যন্তরীণ ও রপ্তানি চাহিদার জন্য উৎপাদনের প্রকৃত প্রয়োজনে সদ্ব্যবহার হয়, সেদিকে লক্ষ রাখার জন্য বাংলাদেশ ব্যাংক নজরদারি নিবিড়তর করবে।’ খাদ্য নিরাপত্তার স্বার্থে কৃষিঋণ বিতরণ নিশ্চিতের বিষয়ে নজরদারি এবং ব্যাংকগুলোর তারল্যের প্রয়োজনে এসএমই ও সবুজ প্রকল্পে পুনঃ অর্থায়ন অব্যাহত রাখা হবে বলে জানান গভর্নর।

গভর্নর বলেন, আর্থিক বাজারে বিদ্যমান অসম্পূর্ণতাগুলো নিরসনে নেওয়া উদ্যোগ ও মুদ্রানীতি প্রণয়নের নেওয়া পরিবর্তনগুলো নতুন মুদ্রানীতিতে আলোকপাত করা হয়েছে। ঋণের সুদ কমানোর বিষয়ে তিনি বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা ও খেলাপি ঋণ কমিয়েই কেবল ঋণের সুদ কমানো সম্ভব। এ জন্য ঋণ পরিশোধে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যাংক ও ব্যবসায়ী নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

দেশের অর্থনীতির টেকসই অন্তর্ভুক্তিমূলক পরিবেশবান্ধব প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সংযত, সংকুলানমুখী, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশবান্ধব মুদ্রা ও অর্থায়ন নীতি চলতি অর্থবছরেও অব্যাহত থাকবে বলে জানান গভর্নর।

 প্রশ্নোত্তর পর্ব: সাংবাদিকেরা গভর্নরকে প্রশ্ন করলে কোনোটির জবাব তিনি দেন আবার কোনোটির জবাব দিতে অন্যদের ওপর ছেড়ে দেন।

সাম্প্রতিক জঙ্গি হামলা প্রসঙ্গে ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে যাতে জঙ্গি অর্থায়ন না হয়, সে জন্য ব্যাংকগুলোকে সজাগ রাখা হয়েছে। জঙ্গি হামলার প্রভাব মুদ্রানীতি বাস্তবায়ন তথা অর্থনীতিতে পড়বে না বলে তিনি বিশ্বাস করেন।

ব্যাংকের পরিদর্শন কার্যক্রম প্রসঙ্গে ডেপুটি গভর্নর বলেন, পরিদর্শন কার্যক্রম আগের মতোই চলছে। পুনঃ তফসিল ও পুনর্গঠন করা ঋণ বিশেষভাবে তদারকি করা হচ্ছে।

প্রশ্নের জবাবে গভর্নর বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ আছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর ফলে ব্যবসায়ীরা আরও উৎসাহ পাবেন। চাহিদামতো বেসরকারি ঋণের লক্ষ্যমাত্রা পরিবর্তন করা হবে।

টাকার মান অপরিবর্তিত রাখা প্রসঙ্গে গভর্নর বলেন, বাজার উন্মুক্ত রয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে উন্মুক্ত মানেই ইচ্ছামতো না।

এস কে সুর চৌধুরী বলেন, আমদানি বাড়ছে, বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ফলে বেসরকারি খাতে ঋণের চাহিদা রয়েছে। যে তারল্য আছে, তা অতিরিক্ত নয়, বরং পর্যাপ্ত।

এস কে সুর চৌধুরী আরও বলেন, ‘অতিরিক্ত তারল্য বিনিয়োগে আমরা নতুন কিছু উপকরণ তৈরি করছি। যেসব ব্যাংকের অতিরিক্ত তারল্য থাকবে, তারা সেখানে বিনিয়োগ করতে পারবে।’