বেসরকারি খাত ছাড়াই ইরানে আন্তর্জাতিক সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের তৃতীয় পিপিপি সম্মেলন গত রোববার ইরানে শুরু হয়েছে। আজ বুধবার সম্মেলন শেষ হচ্ছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনভুক্ত (ইউএনএসকাপ) সদস্য ৫১টি দেশের সঙ্গে বাংলাদেশও যোগ দিয়েছে এই সম্মেলনে। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয় এতে। সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সেখানে যাননি। অর্থমন্ত্রীর পরিবর্তেই গেছেন জ্বালানি উপদেষ্টা। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন, পিপিপি অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন এবং অর্থ বিভাগের পিপিপি ইউনিটের উপসচিব ফারুক হোসেন। প্রতিনিধিদলে বেসরকারি খাতের কোনো সদস্য নেই। নিজ থেকেও তাঁরা কেউ যোগ দেননি এতে। যোগাযোগ করা হলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীম প্রথম আলোকে বলেন, ‘আমরা তো জানিই না এ ধরনের কোনো সম্মেলন হচ্ছে। জানলে না হয় নিজেরাই খরচ করে যেতাম।’ তিনি আরও বলেন, পিপিপি প্রকল্প বাস্তবায়নে যেহেতু বেসরকারি খাত সরাসরি জড়িত, তাই আন্তর্জাতিক সম্মেলনগুলোতে তাঁদের উপস্থিত থাকা দরকার। চেম্বারগুলোকে নিয়ে এ ব্যাপারে সরকার একটি উচ্চপর্যায়ের দল গঠন করতে পারত বলে মনে করেন তিনি। অবকাঠামো উন্নয়নে ‘নব উদ্যোগ বিনিয়োগ প্রয়াস’ নামে ২০০৯-১০ অর্থবছরের বাজেটে একটি অবস্থানপত্র তুলে ধরেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই বছর আড়াই হাজার কোটি টাকাও বরাদ্দ রাখা হয়েছিল। তার পর থেকে প্রতিবছর পিপিপি বাবদ তিন হাজার কোটি টাকা করে বরাদ্দ রাখা হচ্ছে। কিন্তু এ অর্থ পড়ে থাকছে প্রতিবছরই। কারণ, পিপিপির মাধ্যমে অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতকে আকর্ষণ করতে পুরোপুরিই ব্যর্থ হয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশে পিপিপি’ শীর্ষক একটি অবস্থানপত্র তুলে ধরা হচ্ছে এবারের সম্মেলনে। অবকাঠামো বিনিয়োগ সহায়তা কেন্দ্রের (আইআইএফসি) গ্রুপ ম্যানেজার মোহাম্মদ শামসুর রহমান সম্মেলনের দ্বিতীয় দিন পিপিপির বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন। অবকাঠামো উন্নয়ন তথা টেকসই অর্থনৈতিক উন্নয়নে পিপিপিকে শক্তিশালী করাই হলো এবারের সম্মেলনের প্রতিপাদ্য। সম্মেলনের ধারণাপত্রে বলা হয়েছে, আগামী ২০ বছরে ৩০ থেকে ৪০ লাখ কোটি ডলার লাগবে বিশ্বের বিভিন্ন দেশের অবকাঠামো উন্নয়নে। এর মধ্যে আগামী ১০ বছরে বিশ্বের বৃহৎ ও জনবহুল অঞ্চল এশিয়ার জন্যই লাগবে ছয় লাখ কোটি ডলারেরও বেশি। অবকাঠামো উন্নয়নে এ ক্ষেত্রে সহায়ক হতে পারে পিপিপি।বাংলাদেশের অবস্থানপত্রে বলা হয়েছে, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির (জিডিপি) হার ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে বাংলাদেশের। এ জন্য জিডিপির তুলনায় বিনিয়োগের হার বর্তমানের ২৪-২৫ শতাংশ থেকে ৩৫-৪০ শতাংশে নিয়ে যেতে হবে। হিসাব করে দেখা গেছে, এ জন্য দরকার ২০১৬ সালের মধ্যে অতিরিক্ত চার লাখ ৮০ হাজার কোটি টাকা, যা সরকারের একার পক্ষে সংস্থান করা দুরূহ। সরকার বিশ্বাস করে, এ দেশের অভ্যন্তরীণ শক্তি, সক্ষমতা ও সম্ভাবনা এমনই যে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়া খুবই সম্ভব। তবে এ জন্য পিপিপির ভূমিকা থাকা আবশ্যক।