বেসরকারি খাত থেকে এমডি আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ বীমা করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসছেন বেসরকারি খাত থেকে। জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগির বেসরকারি একটি নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে এ ব্যাপারে চুক্তি করবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমোদন নিয়ে চুক্তি শেষে সাধারণ বীমা করপোরেশনের এমডি নিয়োগের প্রজ্ঞাপনও জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করবে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।

সাধারণ বীমা করপোরেশনে নয় মাস ধরে নিয়মিত এমডি নেই। জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক শামীম আখতার এখন চলতি দায়িত্বে এমডি। কাল বুধবার তিনিও অবসরে যাচ্ছেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল সোমবার তাঁর অবসরে যাওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

নিয়মিত এমডি নিয়োগের জন্য এ বছরের ৮ ফেব্রুয়ারি সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব উদ্দিনকে সভাপতি করে পাঁচ সদস্যের কমিটি করে সরকার। নির্ধারিত ৩০ কার্যদিবসের মধ্যেই তিনজনের নাম সুপারিশ করে মন্ত্রণালয়ে তালিকা পাঠায় কমিটি। কিন্তু মন্ত্রণালয় সংস্থাটিতে এমডি নিয়োগের সুপারিশ করতে সময় নিয়েছে।

গত রোববার সচিবালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সাংবাদিকেরা সাধারণ বীমা করপোরেশনে এমডি নিয়োগে দেরির কারণ জানতে চান। বিস্ময় প্রকাশ করে অর্থমন্ত্রী শুধু বলেন, ‘এত দিন ধরে এমডি নেই!’