বেসরকারি খাত ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের ব্যাংকগুলো এখন তারল্যসংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে বেসরকারি খাত চলতি মূলধন বাবদ ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণসহায়তা পাচ্ছে না। সুতরাং সীমিত তহবিলের যথাযথ ব্যবহারের জন্য ট্রেজারি ম্যানেজমেন্ট তথা তহবিল ব্যবস্থাপনা সম্পর্কে ব্যাংকারদের ধারণা থাকা আবশ্যক।’ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান ‘ট্রেজারি ম্যানেজমেন্ট’ তথা তহবিল ব্যবস্থাপনাসংক্রান্ত এক কর্মশালা উদ্বোধনকালে এসব কথা বলেন। আইসিসিবি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যৌথভাবে গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে কর্মশালাটির আয়োজন করে। আইসিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ভাইস চেয়ারম্যান মো. এ (রুমী) আলী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেবে কর্মশালায় বক্তব্য দেন। ভারত থেকে আগত সমীরণ চক্রবর্তী, বিশ্বজিৎ সেনগুপ্ত এবং বাংলাদেশের আলমগীর মোর্শেদ কর্মশালাটি পরিচালনা করেন। মাহবুবুর রহমান বলেন, ট্রেজারি ম্যানেজমেন্ট বা তহবিল ব্যবস্থাপনা হচ্ছে ক্যাশ, ফান্ড, কারেন্সি, ব্যাংক ও ফাইন্যান্সিয়াল রিস্কের ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা। এটি ফাইন্যান্সের একটি অপরিহার্য উপাদান। যেটি কোম্পানির প্রকৃত ক্যাশ ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে। এ ছাড়া এটির আরেকটি মূল কাজ হচ্ছে সর্বোচ্চ ক্যাশ লেভেল প্রতিষ্ঠা করা, যাতে কোম্পানির যথাযথ অপারেশন বা পরিচালনার জন্য প্রয়োজনীয় পেমেন্ট নিতে বা দিতে কোনো অসুবিধা না হয়।মাহবুবুর রহমান বলেন, ট্রেজারি ম্যানেজমেন্টের আরও একটি প্রধান কাজ হচ্ছে ব্যবসার তারল্য বজায় রাখা। যথাযথ তারল্য ছাড়া ব্যবসা নির্ঝঞ্ঝাট পরিচালনা ঝুঁকিপূর্ণ। কারেন্সি বা মুদ্রা বিনিময়ের ঝুঁকি কমানো ট্রেজারি ম্যানেজমেন্টের আরেকটি কাজ। এ কারণে ট্রেজারি ব্যবস্থাপকেরা বিশ্ব মুদ্রাবাজারের সংকট বিশ্লেষণ করে থাকেন।