
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে উপকূল ঘেঁষে জাহাজ চলাচল চুক্তি স্বাক্ষর হবে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী গতকাল শনিবার ‘সমুদ্র অর্থনীতি ও বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ তথ্য জানান। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) এবং সরবরাহ ও পরিবহন ইনস্টিটিউট (সিআইএলটি) বাংলাদেশ কাউন্সিল আলোচনা সভাটির আয়োজন করে। চেম্বারের সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সরকার অংশীদারত্ব উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেয় জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, বাংলাদেশের জন্য সমুদ্র অর্থনীতির যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি পরিপূর্ণ বাস্তবায়ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।
সভায় অন্য বক্তারাও বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে বিপুল সমুদ্রসীমা জয় করায় দেশের সামনে সমুদ্র-সম্পর্কিত বাণিজ্যের বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও বিনিয়োগে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রবিষয়ক ইউনিটের সচিব খোরশেদ আলম। এতে বক্তব্য দেন এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সহসভাপতি আনিস এ খান, পরিচালনা কমিটির সদস্য কামরান টি রহমান ও সাইফুল ইসলাম, সিআইএলটির সভাপতি কারার মাহমুদুল হাসান এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান।
এমসিসিআই জানিয়েছে, পৃথিবীজুড়ে সমুদ্র-সম্পর্কিত বাণিজ্যের দ্রুত প্রসার ঘটছে। ২০০৭ সালে এ বাণিজ্যের পরিমাণ ছিল ৫২ হাজার কোটি মার্কিন ডলার। আর ২০২০ সালের মধ্যে তা বেড়ে এক লাখ কোটি মার্কিন ডলারে দাঁড়াবে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার গবেষণা তথ্য তুলে ধরে এমসিসিআই জানিয়েছে, বর্তমানে বিশ্ব বাণিজ্যের ৮০ শতাংশই সমুদ্রপথে সম্পন্ন হয়। আর বাংলাদেশের মোট বাণিজ্যের ৯০ শতাংশই হয় এ পথে।
মূল প্রবন্ধে খোরশেদ আলম বলেন, বিশাল সমুদ্রসীমা জয়ের ফলে বাংলাদেশের সামনে জাহাজ ও বন্দর সুবিধা বৃদ্ধি; মৎস্য ও জলজ সম্পদসহ সমুদ্র তলদেশে থাকা প্রাকৃতিক সম্পদ আহরণ এবং পর্যটন ব্যবসা সম্প্রসারণ প্রভৃতি সম্ভাবনা তৈরি হয়েছে।
খোরশেদ আলম বলেন, ‘বর্তমানে উপকূল অঞ্চল থেকে বঙ্গোপসাগরের ৬৬৪ কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের সমুদ্রসীমা বিস্তৃত। কিন্তু আমাদের দেশে যেসব মৎস্য আহরণকারী জাহাজ বা জলযান (ফিশিং বোট) রয়েছে, সেগুলো আনুমানিক ৬৪ কিলোমিটার পর্যন্ত সমুদ্রসীমা থেকে মৎস্য সম্পদ আহরণ করতে পারে। এর বাইরে থাকা প্রায় ৬০০ কিলোমিটার সমুদ্রসীমা থেকে মৎস্য আহরণের কোনো ব্যবস্থাই বর্তমানে আমাদের নেই।’
গভীর সমুদ্র থেকে মাছ আহরণকারী উন্নত ও আধুনিক জলযান বা ফিশিং ট্রলার তৈরিতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান খোরশেদ আলম।