আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৩০ থেকে ৪০ শতাংশ কমার সুবিধা পাওয়া যাচ্ছে চলতি অর্থবছরের বাজেটে। কিন্তু এর সুবিধা বেসরকারি খাত পাচ্ছে না। জ্বালানি তেলের দাম কমায় প্রায় ২৫ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ বাজেটে রয়ে যাচ্ছে। এ অর্থ হয়তো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন–ভাতায় খরচ হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আগামী অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন। গতকাল রোববার এনবিআর সম্মেলন কক্ষে সংস্থাটির চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থনীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, জ্বালানি তেলের দাম কমার সুবিধা বেসরকারি খাতের পাওয়া উচিত। তিনি জানান, একই কারণে ভারত যে সুবিধা পেয়েছে তার এক-তৃতীয়াংশ বেসরকারি খাতকে দিয়েছে।
এ অর্থনীতিবিদ বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাকের দাম কমেনি। কিন্তু সুতা ও জ্বালানি তেলের দাম কমেছে। বাংলাদেশের অর্থনীতির জন্য এটি ‘অপ্রত্যাশিত বাড়তি সুবিধা’ বলে মনে করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।
নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন ও অন্যান্য সংস্কার সম্পর্কে ওয়াহিদউদ্দিন মাহমুদ অভিমত দেন, বাস্তবতা ও যৌক্তিকতার নিরিখে এসব সংস্কার করা উচিত। প্যাকেজ ভ্যাট উঠিয়ে দিয়ে একেবারে একটি আদর্শ ব্যবস্থায় যাওয়ার আগে যৌক্তিকতা ও বাস্তবতার ভারসাম্য বিবেচনা করা উচিত।
বেতন ভাতা থেকে অগ্রিম করারোপ সম্পর্কে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বিদেশে এ কর হলো রাজস্ব আদায়ের অন্যতম উৎস। মানুষ মনে করে, বেতন-ভাতার পুরোটাই তার আয়। এ ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।’
তাঁর মতে, কর ফাঁকি এত বেড়ে গেছে যে কর কর্মকর্তা ভালো করদাতাকেও সন্দেহ করেন। আবার কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কিছু লোকের বিরুদ্ধে নেব না—এটা ঠিক নয়।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘আয়কর বিবরণী ফরম বেশ জটিল। নিজের ফরম পূরণ করতে তিনজন লাগে।’ মূসক আইন ও অটোমেশন পুরোপুরি বাস্তবায়নের আগে আরেকটু বিবেচনা করা দরকার বলে মনে করেন তিনি।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জাঈদী সাত্তার বলেন, বাংলাদেশে শুল্ক সংরক্ষণ প্রবণতা অনেক বেশি। এটা কমানো উচিত। তিনি মনে করেন, শুল্ক সংরক্ষণ প্রবণতা বেশি হওয়ায় স্থানীয় বাজারে দেশি পণ্যের দাম বেশি।
প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশিদ বলেন, ‘এনবিআর আগের চেয়ে অনেক বেশি করদাতাবান্ধব হয়েছে। আমরাও কর দিতে চাই।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক নাজনীন আহমেদ বড় কৃষকদের করের আওতায় আনার সুপারিশ করেন। তা নিয়ে গবেষণা করা দরকার বলেও মনে করেন তিনি। এ ছাড়া সম্পূরক শুল্ক আরোপের ক্ষেত্রে পণ্যভিত্তিক বিবেচনা করা এবং গ্রামের নারী উদ্যোক্তাদের কর ছাড় দেওয়ার পরামর্শ দেন তিনি।
আরেক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) কোষাধ্যক্ষ মোহাম্মদ হেলাল বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড যত বাড়বে, কর আদায়ের সুযোগও বাড়বে। এর পাশাপাশি কর ফাঁকি ও দুর্নীতিও বিস্তার লাভ করবে। এ বিষয়টি নজরে রাখতে হবে।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, চলতি অর্থবছরে এনবিআরের ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের সুবিশাল লক্ষ্য রয়েছে। এনবিআর প্রতি ঘণ্টায় ২৮-২৯ কোটি টাকা রাজস্ব আদায় করছে।