ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী
বেসরকারি খাতকে ১০ লাখ কোটি টাকা বিনিয়োগ করতে হবে
ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ১৩ লাখ কোটি টাকা বিনিয়োগ করার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, এই বিশাল অঙ্কের মধ্যে ১০ লাখ কোটি টাকাই সংগ্রহ করা হবে বেসরকারি খাত থেকে। অর্থাৎ বেসরকারি খাতকে ১০ লাখ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। বাকি তিন লাখ কোটি টাকা দেবে সরকার। তবে অর্থ সংগ্রহের বিষয়টি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী গতকাল এসব কথা বলেন। ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার (আইআইএফসি) গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অর্থসচিব মোহাম্মদ তারেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বক্তব্য দেন আইপিএফএফের প্রকল্প পরিচালক সিতাংশু কুমার সুর চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর তাহসিন সাইদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর আইআইএফসির নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ‘বাংলাদেশের সরকারি বেসরকারি অংশীদারি (পিপিপি) চিত্র’ এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হোসনে আরা শিখা ‘পিপিপি ও আইপিএফএফ প্রকল্পে অর্থায়ন’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। অর্থমন্ত্রী বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ১৩ লাখ কোটি টাকার বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে সরকার ব্যয় করবে মাত্র তিন লাখ কোটি টাকা। বাকি ১০ লাখ কোটি টাকাই বেসরকারি খাত থেকে সংগ্রহ করা হবে। তবে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নত দেশগুলোতে এ ধরনের প্রকল্পের সফল বাস্তবায়নের উদাহরণ রয়েছে।অর্থমন্ত্রী বলেন, আইপিএফএফের অর্থায়নে বেসরকারি খাত সহজেই পিপিপি প্রকল্প বাস্তবায়ন করতে পারে। এ ব্যাপারে সরকারের দিক থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। অবকাঠামো উন্নয়নে সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে ২০০৬ সালে আইপিএএফ প্রথম পর্যায় শুরু হয়। সাতটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে এ পর্যায় ব্যয় হয়েছে ৪২২ কোটি ৩৩ লাখ টাকা। এতে বিশ্বব্যাংকের অর্থায়ন ছিল পাঁচ কোটি ডলার অর্থাৎ ৩৫০ কোটি টাকা। বক্তারা জানান, পিপিপির মাধ্যমে উড়াল সড়ক, নিউমুরিং কনটেইনার টার্মিনাল, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ; বিমান, সমুদ্র ও নদীবন্দর, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, এক্সপ্রেসওয়ে, সেতু, শিল্পপার্ক ইত্যাদি নির্মাণে সহজেই আইপিএফএফকে কাজে লাগানো যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ২০ বছর বা তারও বেশি সময়ের জন্য প্রকল্প বাস্তবায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আইপিএফএফ থেকে তহবিল নিতে পারে। প্রকল্পের ৮৫ শতাংশ পর্যন্ত অর্থ ঋণ দেবে আইপিএফএফ। দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে এটি এক অপূর্ব সুযোগ। এ প্রকল্পের অর্থায়নে জাতীয় গ্রিডে এ পর্যন্ত ১৭৮ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে বলে জানান গভর্নর। অর্থসচিব মোহাম্মদ তারেক বলেন, দেশের উন্নতি তথা দারিদ্র্য দূরীকরণের অন্যতম অন্তরায় দুর্বল অবকাঠামো। আইপিএফএফ এ খাতে বিনিয়োগের জন্য এক নতুন সুযোগ তৈরি করেছে। অর্থসচিব বলেন, প্রথম পর্যায়ের সফল সমাপ্তির পরই দ্বিতীয় পর্যায় শুরু হতে যাচ্ছে। দুই অঙ্কের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আইপিএফএফ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।সিতাংশু কুমার সুর চৌধুরী বলেন, আইপিএফএফের প্রথম পর্যায়ের সফল বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় পর্যায়ের জন্য বিশ্বব্যাংক অর্থায়ন বাড়াচ্ছে কয়েক গুণ। এ পর্যায়ে বিশ্বব্যাংক অর্থায়ন করবে ২৫৭ কোটি ডলার অর্থাৎ এক হাজার ৮০০ কোটি টাকা। আর সরকারের অংশ থাকবে ৩৫০ কোটি টাকা।