বেসরকারি খাতে আট কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন
বেসরকারি খাতের আটটি প্রকল্পে বিনিয়োগের জন্য আট কোটি মার্কিন ডলারের বিদেশি ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।বেসরকারি খাতে বিদেশি ঋণ অনুমোদনে গঠিত বাছাই কমিটির ৭২তম বৈঠকে এ ঋণ অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর বাসসের।যেসব প্রতিষ্ঠানের জন্য ঋণ অনুমোদিত হলো: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এক কোটি ডলার, রবি আজিয়াটা লিমিটেড দুই কোটি ৯৬ লাখ ডলার, হোলসিম সিমেন্ট ৭০ লাখ ডলার, এনভয় টেক্সটাইল এক কোটি ডলার, হারভেস্ট পাওয়ার জেনারেশন এক কোটি ২০ লাখ ডলার, ফয়সাল স্পিনিং মিল ৬৩ লাখ ৬০ হাজার ডলার, এ অ্যান্ড এ এভিয়েশন ২৭ লাখ ৫০ হাজার ও গুড রিচ সোয়েটার ২২ লাখ ২০ হাজার ডলার।কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে মোট এক হাজার ৪৯০ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। মূলত টেলিযোগাযোগ, খাদ্য উৎপাদন ও তৈরি পোশাক খাতে এই ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। আগের বছরে অর্থাৎ ২০১১ সালে এ খাতে অনুমোদিত ঋণের পরিমাণ ছিল ৮১৯ কোটি ডলার।