বেসরকারি খাতে ঋণ বৃদ্ধি উৎপাদন জোরদার করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধের জন্য যে মুদ্রানীতি ঘোষণা করেছে, তাতে কৃষি ও শিল্প খাতে ঋণের প্রবাহ বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে।এই তথ্য উল্লেখ করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) একে স্বাগত জানিয়েছে। এমসিসিআই বলেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে (এসএমই) শক্তিশালী করার পদক্ষেপ উৎসাহজনক। কেননা, এই খাত বিকশিত হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে।সংগঠনের মহাসচিব ফারুক আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এমসিসিআই সদ্য ঘোষিত মুদ্রানীতির বিষয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।এমসিসিআই বলছে, এবারের মুদ্রানীতিতে যথাযথভাবে বেসরকারি খাতে ঋণ জোগানের দিকে নজর দেওয়া হয়েছে। এর প্রভাবে উৎপাদন বাড়বে, যা একদিকে সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটাবে, অন্যদিকে মূল্যস্ফীতির চাপ কমিয়ে আনতেও সক্ষম হবে।এমসিসিআইয়ের মতে, মুদ্রানীতি অর্থবহ করার জন্য আর্থিক খাতের শক্তিমত্তা খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ঋণ শ্রেণীকরণের ও সঞ্চিতি সংরক্ষণের নতুন যে নীতিমালা করা হয়েছে, তা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সম্পদ-দায়ের অসামঞ্জস্য কমিয়ে আনতে সহায়তা করবে এবং দেশের ঋণ শ্রেণীকরণকে আন্তর্জাতিক মানে উন্নত করবে। এটি আর্থিক খাতের জোর বাড়াতেও ভূমিকা রাখবে।বিগত দুটি মুদ্রানীতি বিবৃতির উল্লেখ করে এমসিসিআই বলেছে, এ দুটি মুদ্রানীতিতে সংকোচনমূলক নীতি অনুসরণ করায় সুদের হার বেড়েছে। এর উদ্দেশ্য ছিল মূল্যস্ফীতি প্রশমন করা। তবে এতে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি উল্লেখ করে এমসিসিআই বলেছে, সংকোচনমূলক মুদ্রানীতির জন্য নয়, বরং সরবরাহ পরিস্থিতির উন্নতির কারণেই খাদ্যের মূল্যস্ফীতির হার ধীরে ধীরে কমে এসেছে। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার বেড়েছে।এমসিসিআই আরও বলছে, বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক থেকে সরকার চলতি অর্থবছরে যে বড় ধরনের ঋণ গ্রহণের পরিকল্পনা করেছে, তা দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। গত ২০১১-১২ অর্থবছরে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে ৫৪ শতাংশ বেশি ছিল। এটাই বেসরকারি খাতে ঋণের প্রবাহ সংকোচনে অন্যতম কারণ বলে এমসিসিআই মনে করে।সংগঠনটি আরও বলেছে, চলতি অর্থবছর সরকার গতবারের প্রকৃত ঋণ গ্রহণের তুলনায় ২১ শতাংশ কম ঋণ ব্যাংক থেকে নেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করলেও গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর ব্যাংকবহির্ভূত ও বিদেশি অর্থায়নের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৯৬ শতাংশ ও ৬৯ শতাংশ বেশি। এখন যদি এই লক্ষ্যমাত্রা অর্জন করা না যায়, তাহলে সরকার আবারও ব্যাংকঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, যা কিনা বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ কমিয়ে দিতে পারে।এই আশঙ্কা প্রকাশ করে এমসিসিআই বলছে, বাংলাদেশ ব্যাংক সরকারকে ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রে বাজেটের লক্ষ্যমাত্রা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিতে পারে। পাশাপাশি পাইপলাইনে আটকে থাকা বিদেশি অনুদান ও ঋণের অর্থ ছাড় করাতে মনোযোগী হতেও বলতে পারে।মুদ্রানীতিতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যবস্থাপনায় মনোযোগ রাখার মেট্রো চেম্বার বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়েছে।এমসিসিআই বলছে, গত এক বছরে ডলারের বিপরীতে টাকার বড় ধরনের দরপতন ঘটেছে। এ জন্য মূল্যস্ফীতিকে দায়ী করা হয়েছে। তবে ডলার তথা বৈদেশিক মুদ্রার চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্যহীনতাই এই দরপতন ঘটিয়েছে বলে মেট্রো চেম্বার মনে করে।তবে গত মার্চ মাসে এসে বিনিময় হারে স্থিতিশীলতা আসে ও লেনদেনের ভারসাম্যের চাপও প্রশমিত হতে থাকে।এ ছাড়া প্রতি মাসেই মুদ্রানীতির প্রভাব পর্যালোচনা করে প্রয়োজনীয় সমন্বয় করার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে এমসিসিআই।