
আমার মনে হয় না, বেসরকারি খাতে ঋণপ্রবাহ এখনকার চেয়ে বেশি হারে বাড়বে। কারণ, আমরা বিনিয়োগের সমস্যাগুলো দূর করতে পারিনি। গ্যাস-বিদ্যুৎ, অবকাঠামোসহ নানা সংকট রয়ে গেছে। এখন নতুন আরেকটি সংকট তৈরি হয়েছে, নিরাপত্তাহীনতার শঙ্কা।
আমাদের নিজেদের কোম্পানি যে হারে বিনিয়োগ করে, আমি দেখছি তা অনেক কমে গেছে। গ্যাস-বিদ্যুতের সমস্যা তো আছেই, এর ওপর এখন আবার নাকি এসবের দাম বাড়ানো হবে। এগুলো খুব নেতিবাচক প্রভাব ফেলবে।
সরকারি ব্যাংকগুলোতে অনিয়ম বেড়েছে। এসবের প্রভাব বেসরকারি খাতের ওপর পড়ে। বেসরকারি খাতেও খেলাপি ঋণ বেড়েছে। সরকারি ব্যাংকে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার রোধ সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। মুদ্রানীতিতে ব্যাংক খাতে সুশাসন এনে খেলাপি ঋণ কমানোর বিষয়টি উঠে আসেনি।
ব্যাংকে এখন প্রচুর অর্থ আছে। বড় কোম্পানিগুলো এখন ৮ থেকে ৯ শতাংশ, মাঝারি কোম্পানিগুলো ১০ থেকে ১১ এবং ছোট কোম্পানিগুলো ১৩ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ পাচ্ছে। এটা আরও কমলে ভালো হতো। মুদ্রানীতিতে দীর্ঘ মেয়াদে সবার জন্য এক অঙ্কের সুদ নিশ্চিতের বিষয়ে ব্যবস্থা ও দিকনির্দেশনা থাকার দরকার ছিল। এ ছাড়া মুদ্রানীতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহকে উৎসাহিত করার কোনো প্রণোদনা নেই।