বেসরকারি খাতে ছাড়া প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য সংগ্রহে টাস্কফোর্স
বেসরকারি খাতে ছেড়ে দেওয়া বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হালনাগাদ অবস্থা নির্ণয় করাসহ বেসরকারীকরণ কমিশনের কার্যক্রমকে গতিশীল করতে ছয়টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। সম্প্রতি কমিশনের পক্ষ থেকে এই ছয়টি টাস্কফোর্স গঠন করা হয়।টাস্কফোর্সের সদস্যরা হলেন কমিশনের পরিচালক এ এইচ এম আফজাল হোসেন, মিজানুর রহমান, সাইফুল হাসিব, তৌফিকুর রহমান, আবুল হোসেন, জগলুল পাশা ও পরেশ চন্দ্র রায়, উপপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, গাজী এ কে এম ফজলুল হক ও মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক সেলিম হোসেন, এ কিউ এম জাকির হোসেন ও মোহাম্মদ উল্লাহ এবং কমিশনের সচিব ইউনুস আলী প্রামাণিক। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।কমিশন জানিয়েছে, গঠিত টাস্কফোর্স বেসরকারি খাতে ছেড়ে দেওয়া প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহ এবং বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর চালুর ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে কাজ করবে। এ ছাড়া টাস্কফোর্সের একটি দল কমিশনের সমীক্ষার বাইরে থাকা ১৩৭টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে সমীক্ষা পরিচালনা করবে। বেসরকারীকরণ কমিশন গঠনের আগে এসব সরকারি প্রতিষ্ঠান ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া হয়েছিল। এ জন্য প্রতিটি টাস্কফোর্সের জন্য আলাদা আলাদা কাজের পরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে।টাস্কফোর্সের কাজের তদারকি ও সমন্বয়ের জন্যও কমিশনের সদস্য রোকেয়া সুলতানার নেতৃত্বে দুই সদস্যের একটি কমিটিও করা হয়েছে। কমিশন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ৩০ জুনের মধ্যে টাস্কফোর্সের প্রত্যেক সদস্যকে তাঁদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।