আজিজ ম্যাচ ফ্যাক্টরির জমি প্লট আকারে বিক্রি ঢাকা ম্যাচ কোম্পানির দেনা ২৬৩ কোটি টাকা
বেসরকারি খাতে ছেড়ে দেওয়া চার দেশলাই কারখানাই বন্ধ
দেশের শিল্পায়নের স্বার্থে রাজশাহীর শালবাগান এলাকার আজিজ ম্যাচ ফ্যাক্টরি ১৯৭৮ সালে বেসরকারি মালিকানায় ছেড়ে দেয় সরকার। কিন্তু ৩ দশমিক ৬০ একর জমির ওপর প্রতিষ্ঠিত দেশলাই উৎপাদনের এই কারখানা এখন আর খুঁজে পাওয়া যাবে না। কারণ, কারখানার জমির পুরোটাই প্লট আকারে বিক্রি করে দিয়েছে বর্তমান মালিকপক্ষ।আজিজ ম্যাচ ফ্যাক্টরির মতো অস্তিত্বহীন না হলেও রুগ্ণ অবস্থায় আছে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া অপর তিন রাষ্ট্রীয় মালিকানাধীন দেশলাই উৎপাদনকারী প্রতিষ্ঠান। লোকসানে পড়ে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ হয়ে আছে। এগুলো হচ্ছে: খুলনার বাংলাদেশ ম্যাচ ইন্ডাস্ট্রিজ, ঢাকা ম্যাচ কোম্পানি ও বান্দরবানের মেসার্স সাত্তার ম্যাচ ওয়ার্কস।বেসসরকারীকরণ বা প্রাইভেটাইজেশন কমিশন গত মঙ্গলবার বিভিন্ন সময়ে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া প্রতিষ্ঠানের ওপর যে সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে, তা থেকে এসব তথ্য পাওয়া গেছে। সমীক্ষা চালাতে গিয়ে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে পারেনি কমিশন।বিভিন্ন মন্ত্রণালয়, করপোরেশন ও সংস্থা কর্তৃক বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া ৭৬টি প্রতিষ্ঠানের ওপর এই সমীক্ষা চালানো হয়। ১৯৯৩ সালে প্রাইভেটাইজেশন বোর্ড গঠনের আগে এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছিল।কমিশন সূত্র জানায়, দেশের শিল্পায়ন ও আর্থিক অগ্রগতি, শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের দায়দেনা কমানোর লক্ষ্যে রাষ্ট্রীয় এসব প্রতিষ্ঠানকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এ ক্ষেত্রে সরকারের উদ্দেশ্য অনেকাংশেই সফল হয়নি। মুখ থুবড়ে পড়ে আছে একাধিক প্রতিষ্ঠান। সরকারের তদারকের ব্যবস্থা না থাকায় এমনটি হচ্ছে বলেও মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ১৯৬৫ সালে প্রতিষ্ঠার দুই বছর পর উৎপাদনে যায় রাজশাহীর আজিজ ম্যাচ ফ্যাক্টরি। তখন জমি ও অন্যান্য সম্পদের হিসাব করে কারখানাটির এক কোটি টাকার সম্পত্তি ছিল। ১৯৭৮ সালে এটি চালু অবস্থায় বেসরকারি মালিকানায় ছেড়ে দেয় সরকার। বিক্রয়মূল্য ধরা হয় ৪৫ লাখ ৮১ হাজার টাকা।মালিকানা হস্তান্তরের সময় কারখানাটিতে ৬৭ জন শ্রমিক ও ১৭ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তখন প্রতিদিন সাড়ে ১৪ হাজার পিস দেশলাই উৎপাদিত হতো। কিন্তু বর্তমান মালিক কারখানার সব জায়গা প্লট আকারে বিক্রি করে দিয়েছেন। ওই স্থানে প্রতিষ্ঠানটির এখন আর কোনো অস্তিত্বই নেই।ঢাকা ম্যাচ কোম্পানি: খুলনার রূপসা শিল্পাঞ্চলে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত দাদা ম্যাচ ফ্যাক্টরির বর্তমান নাম ঢাকা ম্যাচ কোম্পানি। ১৯৮৪ সালে এটি বেসরকারি মালিকানায় ছেড়ে দেয় সরকার। কিন্তু লোকসানে পড়ে প্রতিষ্ঠানটি দুই বছর আগে বন্ধ করে দিতে বাধ্য হয় বর্তমান মালিক ভাইয়া গ্রুপ।সরকারের হাতে থাকা অবস্থায় এই দেশলাই কারখানায় দুই হাজার ৭৫০ জনের কর্মসংস্থান ছিল। বেসরকারি মালিকানায় আসার পর তা কমে গিয়ে দাঁড়ায় ৯৫০ জনে। ১৭ দশমিক ৭৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত ঢাকা ম্যাচ কোম্পানির বর্তমান দায়দেনার পরিমাণ প্রায় ২৬৩ কোটি টাকা। প্রতিষ্ঠানটির ৩০ শতাংশ শেয়ারের মালিকানা এখনো সরকারের কাছে আছে। বাকি ৭০ শতাংশের মালিক ভাইয়া গ্রুপ।সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির মোট সম্পদের মূল্য ১৫৬ কোটি টাকা এবং দায়দেনা ২৬৩ কোটি টাকা। এ কারণে প্রতিষ্ঠানটি বিক্রি করলেও সব দায়দেনা পরিশোধ করা সম্ভব হবে না। তাই জটিলতা নিরসনে শিল্পমন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে।বাংলাদেশ ম্যাচ ইন্ডাস্ট্রিজ: খুলনার রূপসাঘাটের ৭ দশমিক ৪৮ একর জমির ওপর কারখানাটি প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে। ওই সময় এ প্রতিষ্ঠানে তিন হাজার ৩১০ জনের কর্মসংস্থান ছিল। প্রতিদিন প্রায় সাড়ে ১৪ লাখ পিস দেশলাই উৎপাদিত হতো। লাভজনক ও চালু অবস্থায় এটি ইস্পাহানি গ্রুপের কাছে সরকার ১৯৭৪ সালে হস্তান্তর করে। বর্তমানে কারখানাটি বন্ধ আছে।সাত্তার ম্যাচ ওয়ার্কস: বন্ধ অবস্থায় বান্দরবান জেলার লামার আজিজনগরের এই কারখানা ১৯৭৮ সালে বেসরকারি মালিকানায় হস্তান্তর করে সরকার। ১৩ দশমিক ৭৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত কারখানটির বিক্রয়মূল্য ধরা হয় ৮০ লাখ টাকা।উৎপাদন থেকে শুরু করে লোকবল যথেষ্ট পরিমাণ বাড়াতে সক্ষম হয় মালিকপক্ষ। হস্তান্তরের আগে ২৭২ জন কর্মকর্তা-কর্মচারী ছিল। পরে তা বেড়ে এক হাজার ৩২৮ জনে দাঁড়ায়।অন্যদিকে প্রতিদিনের উৎপাদন বেড়ে হয় সাড়ে ২১ কোটি পিস দেশলাই, যা অন্য তিন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি; যদিও আগে এখানে প্রতিদিন উৎপাদিত হতো মাত্র ৩৪ হাজার পিস দেশলাই।তবে আর্থিক সংকটে বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ আছে। ২০০৭-০৮, ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরে প্রতিষ্ঠানটি যথাক্রমে ৫৮ লাখ, দুই কোটি ৪৩ লাখ ও এক কোটি ৮৫ লাখ টাকা লোকসান দেয়। প্রতিষ্ঠানটির বর্তমান দেনার পরিমাণ তিন কোটি টাকা। কর্তৃপক্ষ কারখানাটি চালু করতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।