বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ৮ বস্ত্র কারখানার চাকা ঘুরছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক দায়দেনা থেকে শুরু করে নানা সমস্যার কারণে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া আটটি বস্ত্র কারখানা বা টেক্সটাইল মিলের চাকা ঘুরছে না। এর মধ্যে অবশ্য তিনটির জমি প্লট আকারে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে বর্তমান মালিকপক্ষ। এসব মিলের কাছে সরকার ও ব্যাংকের দেনা আছে প্রায় চার হাজার কোটি টাকা। অভিযোগ আছে, সরকারের কোনো তদারকি না থাকায় অনেক প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়ছে। ফলে বেসরকারীকরণের উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই সফল হচ্ছে না। কিন্তু দেশের শিল্পায়ন ও আর্থিক অগ্রগতি, শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের দায়দেনা কমানোর লক্ষ্যে রাষ্ট্রীয় এসব প্রতিষ্ঠানকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি প্রকাশিত বেসরকারীকরণ (প্রাইভেটাইজেশন) কমিশনের সমীক্ষা প্রতিবেদনে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া বন্ধ আট টেক্সটাইল সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এগুলো হচ্ছে: ঈগল স্টার টেক্সটাইল মিলস, মাওলা টেক্সটাইল মিলস, জলিল টেক্সটাইল মিলস, মোহিনী টেক্সটাইল মিলস, কুষ্টিয়া টেক্সটাইল, হালিমা টেক্সটাইল, চান টেক্সটাইল মিলস ও গোয়ালন্দ টেক্সটাইল মিলস।কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, করপোরেশন ও সংস্থা কর্তৃক বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া ৭৬টি প্রতিষ্ঠানের ওপর এই সমীক্ষা চালায়। এর মধ্যে টেক্সটাইল মিলের সংখ্যা ছিল ১৫। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭২ সালে জাতীয়করণকৃত ৭৪টি ও পরে সরকারের স্থাপিত ১২টি মিলসহ বিভিন্ন সময়ে বিটিএমসির মালিকানায় ছিল ৮৬ টেক্সটাইল মিল। পরে সরকারের সিদ্ধান্তে ১৯৭৭-১৯৮৭ সাল পর্যন্ত সময়কালে সাবেক বাংলাদেশি মালিকদের কাছে ৩৫টি মিল হস্তান্তর করে তৎকালীন শিল্প মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হস্তান্তর চুক্তিতে ‘শিল্পকে শিল্প’ হিসেবেই রাখার বাধ্যবাধকতা ছিল। একই সঙ্গে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ করার কথা ছিল মিলমালিকদের। কিন্তু অনেকেই এসব নিয়ম লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। অস্তিত্বহীন তিন কারখানা: রাজধানীর শ্যামপুরে ২১ বিঘার ওপর ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত চান টেক্সটাইল মিলের কোনো চিহ্নই আজ আর অবশিষ্ট নেই। কিছুদিন আগে প্রথম আলোর পক্ষ থেকে সরেজমিন গিয়ে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।বিটিএমসির দেওয়া তথ্যানুযায়ী, ১৯৯৮ সাল পর্যন্ত মিলটির স্পিনিং ইউনিট এবং উইভিং ইউনিট ২০০৩ সাল পর্যন্ত চালু ছিল। ২০০৬ সালে মিলের সাড়ে ১১ বিঘা জমি বিক্রি করে দেয় মালিকপক্ষ। পরে বিভিন্ন ব্যক্তির কাছে প্লট আকারে বিক্রি করেন জমির বর্তমান মালিক। যদিও মিলটিতে সরকারের শেয়ারের পরিমাণ ২৭ হাজার ৮০টি, যা প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৬ দশমিক ৭৭ শতাংশ। অন্যদিকে কুমিল্লার কোটবাড়ীর ১৯ দশমিক ৬২ একরের ওপর হালিম টেক্সটাইলেরও একই অবস্থা। ২০০৪ সালের সেপ্টেম্বরে হস্তান্তরের পর মিলের জমি প্লট আকারে বিক্রি করে দেন বর্তমান মালিক রুহেল আহমেদ। এ ছাড়া চট্টগ্রামের উত্তর কাট্টলীর ঈগল স্টার টেক্সটাইল মিলের ১৮ একর জমির মধ্যে ১৫ একরই বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত ঈগল স্টার ১৯৮৫ সালে হস্তান্তর করা হয়। ২০০১ সাল থেকে এটি সম্পূর্ণ বন্ধ আছে বলে কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বাকি পাঁচ কারখানা : মূলধনের অভাবে ২০০৮ সাল থেকে গোয়ালন্দ টেক্সটাইল বন্ধ আছে। চালু অবস্থায় মিলটিতে বছরে তিন হাজার ৬৫০ বেল সুতা উৎপাদিত হতো। তখন মিলটিতে ৬৬৫ জনের কর্মসংস্থান ছিল।কুষ্টিয়া ও মোহিনী টেক্সটাইল যথাক্রমে ২০০৯ ও ২০১১ সাল থেকে বিভিন্ন কারণে বন্ধ আছে। চালু অবস্থায় কুষ্টিয়া টেক্সটাইলে দৈনিক ছয় হাজার এবং মোহিনী টেক্সটাইলে পাঁচ হাজার পাউন্ড সুতা উৎপাদিত হতো। প্রতিষ্ঠান দুটির চলতি দেনার পরিমাণ ১৬০ কোটি টাকার মতো। ৫১ একর জমির ওপর চট্টগ্রামে জলিল টেক্সটাইল বন্ধ হওয়ার আগে বছরে দুই হাজার মেট্রিক টন সুতা ও কাপড় উৎপাদিত হতো। তবে প্রতিষ্ঠানটির বর্তমানে চলতি দেনা আছে প্রায় ৩৫০ কোটি টাকা। বন্ধ হওয়ার আগে এখানে ৫০০ লোক কাজ করতেন। অন্যদিতে মাওলা টেক্সটাইল কবে থেকে বন্ধ আছে, তা সমীক্ষা প্রতিবেদনে কিছু উল্লেখ নেই। তবে প্রতিষ্ঠানটির চলতি দেনার পরিমাণ ৩৯০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির কাছে পাওনা টাকা আদায়ে সোনালী ব্যাংক ইতিমধ্যে মামলা করেছে।সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জের মাওলা টেক্সটাইলের দীর্ঘমেয়াদি দেনার পরিমাণ ৭২০ কোটি, চট্টগ্রামের জলিল টেক্সটাইলের ১৩০ কোটি, কুষ্টিয়ার মোহিনী টেক্সটাইলের ব্যাংকের দুই হাজার ৫৮০ কোটি ও সরকারের ৪৭০ কোটি, কুষ্টিয়া টেক্সটাইলের ১৪৫ কোটি এবং গোয়ালন্দ টেক্সটাইলের ৬০ কোটি টাকা। তবে চান, হালিমা ও ঈগল স্টার টেক্সটাইলের কোনো তথ্য পায়নি কমিশন। প্রাইভেটাইজেশন কমিশনের মির্জা আবদুল জলিল এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, এই বন্ধ মিলগুলো একসময় শিল্প মন্ত্রণালয় শ্রমিকদের ওপর পরিচালনার দায়িত্ব দিয়ে হস্তান্তর করে। কিন্তু তারা সেগুলো না করে তৃতীয় একটি পক্ষের কাছে হস্তান্তর করে দেয়।মির্জা আবদুল জলিল আরও বলেন, ‘এগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করেছি। হয় এগুলো আমরা পুনরায় ফিরিয়ে আনব, অন্যথায় কমিশন ও বিনিয়োগ বোর্ডের যৌথ প্রচেষ্টায় মিলের সম্পদ নিরীক্ষণ করে নতুন বিনিয়োগকারীর কাছে হস্তান্তর করব। তারাই মিলের সব দায়দেনা বহন করবে।’