বেসরকারি খাতে পেনশনব্যবস্থা চালু করা হবে: অর্থমন্ত্রী
বেসরকারি খাতেও পেনশনব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রোববার সচিবালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ জন্য প্রয়োজনে আইন করা হবে।’
সিগারেট ও তামাকজাত দ্রব্যের ওপর করারোপে বিশেষ নজর দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আরও বলেন, আগামী অর্থবছরের বাজেট বরাদ্দে অবকাঠামো, বিদ্যুত্ ও জ্বালানি, জনশক্তি রপ্তানি, প্রশাসনিক সংস্কার ইত্যাদি অগ্রাধিকার দেওয়া হবে।
বাজেট আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রমুখ উপস্থিত ছিলেন।