বেসরকারি খাতে বিদেশি ঋণ ৬১৬ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>স্বল্পমেয়াদি বিদেশি ঋণের ঝুঁকি আড়ালে থেকে যাচ্ছে

বিদেশ থেকে বেসরকারি খাতে স্বল্পমেয়াদি ঋণ আনার প্রবণতা বাংলাদেশে গত পাঁচ বছরে ২৬ গুণ বেড়েছে। ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে এ ধরনের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬১৬ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৪৯ হাজার কোটি টাকা। ২০১২ সালে এমন ঋণের পরিমাণ ছিল মাত্র ২৩ কোটি ডলার।

বৈদেশিক মুদ্রায় আনা এ ধরনের ঋণ ভবিষ্যতে বাংলাদেশের ব্যাংকিং খাতের বৈদেশিক লেনদেনে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়াতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা দরকার।

বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক কর্মশালায় এমন মতামত তুলে ধরেছেন এ খাতের বিশেষজ্ঞরা। রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এ কর্মশালার শিরোনাম ছিল ‘ব্যাংকের অর্থায়নে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের প্রভাব—সমস্যা ও সম্ভাবনা’। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান। বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির অধ্যাপক শাহ মো. আহসান হাবীব।

প্রতিবেদনের উপস্থাপনায় বলা হয়, বাণিজ্যিক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটগুলোকে (ওবিইউ) ২০১২ সালে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ আনার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এরপরই এ খাতে ঋণের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ২০১৩ সালে এ খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল প্রায় ৭০০ শতাংশ, যা গত বছর ছিল ৩১ শতাংশ। স্বল্পমেয়াদি এসব ঋণের ওপর নজরদারি না থাকায় এসব অর্থের অপব্যবহারও হচ্ছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে ব্যাংক খাত।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান বলেন, দেশে যখন উচ্চ সুদহার ছিল তখন বেসরকারি খাতে বিদেশি ঋণ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। সেই সময়ে স্থানীয় ব্যাংকগুলোর সুদের হার ছিল ১৭ থেকে ১৮ শতাংশ। এখন তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। বর্তমানে বিদেশি ঋণের সঙ্গে দেশীয় ব্যাংকগুলোর ঋণের সুদহারের তেমন কোনো পার্থক্য নেই। দেশের তুলনায় বিদেশি ঋণের সুদহার তুলনামূলক কম হলেও সীমাহীন ঋণের অনুমোদন দেওয়া হবে না। পূর্ব এশিয়ার একাধিক দেশ বেসরকারি খাতে এমন ঋণ নিয়ে বিপাকে পড়েছে। এ জন্য বিষয়টি নিয়ে ভাবার প্রয়োজন আছে।

বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, অফশোর ব্যাংকিংয়ের তহবিলের উৎসের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সব সময় তদারকি করা উচিত। কারণ এসব ঋণের ফলে প্রতিটি ব্যাংকের বৈদেশিক মুদ্রার দায় বেড়ে যাচ্ছে। যদিও বর্তমান অবস্থা সংকটজনক পর্যায়ে পৌঁছেনি, কিন্তু বিপদ ঘটার আগেই শক্ত ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও বিআইবিএমের অধ্যাপক ইয়াছিন আলি বলেন, বিদেশ থেকে এ ধরনের স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার প্রবণতা যাতে না বাড়ে সে জন্য স্থানীয় ব্যাংকগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। কারণ দেশে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার ক্ষেত্রে এ ধরনের ঋণের একটা ভূমিকা ছিল। তবে এ ধরনের ঋণ নিয়ে অনেক দেশ বিপদে পড়েছে, সেটিও মাথায় রাখতে হবে। এ সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করে যেসব ঝুঁকি রয়েছে তা নিরসনে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে হবে।

ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-উল-আলম বলেন, বাংলাদেশে ব্যাংকিং খাতের প্রয়োজনেই এ ধরনের ঋণ আনার অনুমতি দেওয়া হয়েছে। তবে বিদেশের যেসব উৎস থেকে এ ধরনের ঋণ আনা হচ্ছে সেগুলো যথেষ্ট নির্ভরযোগ্য কি না সে বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে।

কর্মশালায় আরও বক্তব্য দেন বিআইবিএমের অনুষদ সদস্য সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-উল-আলম, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন প্রমুখ।