বেসরকারি খাতে সাড়ে ১২ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন
বেসরকারি খাতের সাতটি প্রতিষ্ঠানের অনুকূলে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বৈদেশিক ঋণ অনুমোদন করেছে সরকারি বাছাই কমিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৭৫ কোটি টাকা।
বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটির প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে গতকাল রোববারের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিনিয়োগ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে চলতি বছর আরও কয়েক দফায় ১৩৮ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন করা হয়েছে।
বাছাই কমিটির বৈঠকে গতকাল অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডাচ-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস ও ওরিয়ন পাওয়ার মেঘনা ঘাটকে চার কোটি ৪০ লাখ ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। তারাসিমা অ্যাপারেলসকে দেওয়া হয়েছে এক কোটি ৫৪ লাখ, মা-মীম ডেনিমকে এক কোটি ৫০ লাখ, রাইজিং ইন্ডাস্ট্রিকে ৪৪ লাখ ৫০ হাজার, নিট কনসার্নকে ১৬ লাখ ও প্লামি ফ্যাশনস লিমিটেডকে ৫৬ হাজার ডলার বিদেশি ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।
তিন মাস মেয়াদি লন্ডন আন্তব্যাংক সুদের হারের (লাইবর) সঙ্গে ৪ দশমিক ৫০ শতাংশ যোগ করে যে সুদহার দাঁড়ায়, তা হবে এসব ঋণের সর্বোচ্চ সুদহার।