বেসরকারি খাতে ১৫ কোটি ডলারের বিদেশি ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের পাঁচটি প্রকল্পে ১৫ কোটি ২৮ লাখ মার্কিন ডলারের বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদন করেছে সরকারি বাছাই কমিটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হবে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা। গত মঙ্গলবার বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদনসংক্রান্ত বাছাই কমিটির প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব প্রস্তাব অনুমোদিত হয়। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুমোদিত প্রস্তাবগুলো হচ্ছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ১০ কোটি ডলার, অ্যাক্রোন ইনফ্রাট্রাকচার সার্ভিসেস লিমিটেডের তিন কোটি ডলার, কনফিডেন্স সল্ট লিমিটেডের ৫৩ লাখ ডলার, নাটোর এগ্রো লিমিটেডের এক কোটি ৫০ লাখ ডলার। এ ছাড়া একটি পোশাকশিল্প কারখানার প্রায় এক কোটি ডলার রয়েছে। ছয় মাস মেয়াদি লন্ডন আন্তব্যাংক অফার রেটের সঙ্গে ৪ শতাংশ যোগ করে যে হার দাঁড়ায় তা হবে এসব ঋণের সর্বোচ্চ সুদহার। এর কার্যকর সুদহার ৪ দশমিক ৫৮ শতাংশের মধ্যে থাকবে।