বেসরকারি খাতেও পেনশন!
দেশের বেসরকারি খাতকেও পেনশনের আওতায় নিয়ে আসতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট বক্তব্যে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী জানান, পেনশন-ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা ভাবছেন তিনি এবং দেশে একটি সর্বজনীন পেনশন-ব্যবস্থা চালু করতে চাইছেন।
মুহিত বলেন, বর্তমানে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ৫ শতাংশ সরকারি চাকরিতে নিয়োজিত রয়েছেন। তাঁরা পেনশন-সুবিধা পাচ্ছেন। এই অবস্থায় বেসরকারি খাতের ব্যক্তিদের নিয়ে ভাবছেন বলে উল্লেখ করেন তিনি।
অর্থমন্ত্রী নিজেই হিসাব দিয়ে বলেছেন, বাকি ৯৫ শতাংশের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত, অর্থাৎ চাকরি-বাকরি করছেন এমন ৮ শতাংশ শুধু গ্র্যাচুইটি-সুবিধা পান। অন্যদের জন্য পেনশন-গ্র্যাচুইটি কিছুই নেই।
প্রবীণদের জন্য দরদও কাজ করছে অর্থমন্ত্রীর। এত বয়সে কোথায় হাত পাতবেন প্রবীণেরা? তাই বাজেট বক্তব্যে মুহিত বলেন, দেশে একদিকে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে, অন্যদিকে বাড়ছে গড় আয়ু। এতে মোট জনগোষ্ঠীতে প্রবীণদের সংখ্যা বাড়ছে।
প্রবীণদের বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, নগরায়ণের কারণে একক পরিবারের সংখ্যা বাড়ছে। যে কারণে ভবিষ্যতে প্রবীণদের আর্থিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীন হওয়ার ঝুঁকি বাড়বে, যা সরকারের একার পক্ষে মোকাবিলা করা দুরূহ। মুহিত বলেন, ‘এই প্রেক্ষাপটে দেশের সব শ্রমজীবী মানুষসহ প্রবীণদের জন্য একটি সর্বজনীন ও টেকসই পেনশন পদ্ধতি চালু এখন সময়ের দাবি।’
ভবিষ্যতে সরকারি চাকরিতে যাঁরা আসবেন, তাঁদের জন্যও বিদ্যমান পেনশন পদ্ধতি পাল্টে ফেলার পক্ষে অর্থমন্ত্রী। তাঁদের জন্য অংশীদারত্বের ভিত্তিতে পেনশন পদ্ধতি চালু করতে চান মন্ত্রী।
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পর্যায়ক্রমে আধা সরকারি ও ব্যক্তি খাতে আনুষ্ঠানিকভাবে অংশীদারত্বের ভিত্তিতে পেনশন পদ্ধতি চালুর চিন্তা করছেন বলেও বাজেট বক্তব্যে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘অনানুষ্ঠানিক খাত বা স্ব-কর্মসংস্থানে নিযুক্ত কর্মজীবীসহ সব স্তরের জনগোষ্ঠীর জন্য সরকার নিয়ন্ত্রিত একটি সমন্বিত কাঠামোর আওতায় সর্বজনীন পেনশন-ব্যবস্থা প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করেছি।’
ব্যাংকে ব্যাংকে বর্তমানে যে ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) চালু রয়েছে, তার কথাও অর্থমন্ত্রী স্মরণ করেন। বলেন, ডিপিএস ব্যবস্থা বেসরকারি খাতে একধরনের পেনশনের সুযোগ করে দিয়েছে। এখন এটাকে সর্বজনীন করার জন্য কী ব্যবস্থা নেওয়া যায়, সেটিই হবে নতুন পরিকল্পনার ভিত্তি।
পেনশন নিয়ে যেসব নতুন পরিকল্পনা ও উদ্যোগের কথা বাজেট বক্তব্যে উল্লেখ করলেন অর্থমন্ত্রী, তাতে সরকারের অন্য একটি লাভও হবে। সেই লাভের কথাও খোলামেলাভাবেই প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এ ব্যবস্থায় একদিকে যেমন প্রবীণদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ চাহিদা পূরণে সহায়ক তহবিলও সৃষ্টি হবে, যাতে দেশের আর্থিক খাতের গভীরতাও নিশ্চিত হবে।’
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অবশ্য কয়েক মাস আগে থেকেই নতুন পেনশন পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে। এরই মধ্যে একটি ধারণাপত্রও তৈরি হয়েছে। এ কাজের নেতৃত্ব দেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব নাজমুস সাকিব।
বাজেটের পর অর্থমন্ত্রীর কাছে ধারণাপত্রটি উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এ বিষয়ে গত বুধবার প্রথম আলোকে বলেছিলেন, বেসরকারি খাতের জন্য এ কাজটি করতে পারলে অর্থমন্ত্রীকে তিনি সাধুবাদ জানাবেন।
জানতে চাইলে গত রাতে মুঠোফোনে অর্থসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি খাতে পেনশন পদ্ধতি চালুর জন্য অনেক দিন থেকেই কাজ করছি এবং চালু হয়ে গেলে বহু দিক থেকেই আমরা লাভবান হব।’