বেসরকারি খাতেও পেনশন: অর্থমন্ত্রী
বেসরকারি খাতেও পেনশন-ব্যবস্থা চালু করা হবে বলে আবারও বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবার অর্থমন্ত্রী বলেছেন, চালু করতে সময় লাগলেও কাজটি তিনি করবেন। সচিবালয়ে গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘কর্মীদের প্রতি বেসরকারি কোম্পানিগুলোরও দায় (লায়াবিলিটি) রয়েছে। বেসরকারি কোম্পানিগুলোকেও পেনশন দিতে হবে। এ বিষয়ে সবার সঙ্গে আমরা বসব। আগামী বাজেট ঘোষণার আগেই একটা উদ্যোগ নেব।’
চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশের দিন অর্থমন্ত্রী ভবিষ্যতে সরকারি চাকুরেদের মতো বেসরকারি চাকুরেদের জন্য অবসরকালীন ভাতার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বর্তমান সরকারের আমলেই এ সুবিধা চালু হবে।
পেনশন-ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে বাজেট বক্তব্যে আবদুল মুহিত বলেন, বর্তমানে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ৫ শতাংশ সরকারি চাকরি করছেন এবং তাঁরা পেনশনের সুবিধা পাচ্ছেন। কিন্তু তাঁর ভাবনা ব্যক্তি খাতের অন্যদের নিয়ে।
অর্থমন্ত্রীর নিজের হিসাব হচ্ছে, বাকি ৯৫ শতাংশের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত, অর্থাৎ চাকরি-বাকরি করছেন এমন ৮ শতাংশ শুধু গ্র্যাচুইটির সুবিধা পান। অন্যদের জন্য পেনশন বা গ্র্যাচুইটি কিছুই নেই।
এর আগে ২০১৪ সালের নভেম্বরে অর্থমন্ত্রী ‘বেসরকারি সংগঠিত খাতে জাতীয় পেনশন-ব্যবস্থা প্রবর্তন’ শীর্ষক নির্দেশনা দেন অর্থসচিব মাহবুব আহমেদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৎকালীন সচিব এম আসলাম আলমকে। কিন্তু গতকাল পর্যন্ত এ বিষয়ে কোনো রূপরেখা দাঁড়ায়নি।
অর্থমন্ত্রী ওই সময় নির্দেশনায় বলেছিলেন, ‘আমাদের নির্বাচনী একটা অঙ্গীকার ছিল যে আমরা বেসরকারি খাতেও পেনশন-ব্যবস্থা চালু করব। এ বিষয়টি নির্বাচন-পরবর্তী সময়ে দৃষ্টির বাইরে চলে গেছে। এটাকে আবার জাগ্রত করতে হবে।’
শতভাগ পেনশন তুললে ডুবেছেন
ক্রয় কমিটির বৈঠক শেষে গতকাল অর্থমন্ত্রীর কাছে সরকারি কর্মচারীদের জন্য পেনশন তোলার নতুন বিধানটি ঠিক হলো কি না, জানতে চাওয়া হয়। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পেনশন হচ্ছে অবসর সময়ের জন্য নিরাপত্তা। যাঁরা পেনশনের শতভাগ টাকা তুলে নিয়ে গেছেন, তাঁরা ডুবেছেন। এটা তাঁদের ভুল সিদ্ধান্ত ছিল।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা নতুন নতুন পরিবর্তন আনি এবং অনেক সুবিধা যোগ করি। শতভাগ টাকা তুলে নিয়ে গেছেন যাঁরা, তাঁরা এখন কোনো সুবিধা পাবেন না। তবে ভবিষ্যতে যাতে সবাই সমান সুযোগ পান, সে জন্যই নতুন বিধান করেছি। এখন ৫০ শতাংশ একসঙ্গে তুলতে পারলেও বাকি ৫০ শতাংশ নিতে হবে মাসে মাসে।’