দেশের বেসরকারি খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। আবার বেসরকারি খাতের স্বার্থে অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করছে।
এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এর সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদ এসব কথা বলেন। গত সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন এবং পরিচালনা পর্ষদ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
কাজী আকরামউদ্দিন বলেন, এফবিসিসিআইয়ের প্রচেষ্টায় ঋণের সুদের হার কমে আসছে। একে আরও সহনীয় পর্যায়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, এফবিসিসিআইয়ের প্রচেষ্টায় সরকার ব্যবসাবান্ধব বাজেট প্রণয়ন করেছে। মূসক আইন নিয়ে দেওয়া প্রস্তাব বিবেচনার জন্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।
সভায় ২০১৩-১৪ অর্থবছরে এফবিসিসিআইয়ের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতভাবে গৃহীত হয়।