বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমবে
অনুৎপাদনশীল ও অত্যধিক ঝুঁকিপূর্ণ ব্যবসায় ঋণ কমানো এবং উৎপাদন খাত, কৃষি, ব্যবসা ও অন্যান্য সেবা খাতে অর্থের জোগান নিশ্চিত করার তাগিদ দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতির হ্রাস টানতে বেসরকারি খাতের ঋণপ্রবাহের জোগানকে খানিকটা কমিয়ে আনা হয়েছে। তবে জাতীয় বাজেটে সরকারের ব্যাংক ঋণের বড় লক্ষ্যমাত্রা থাকায় সেখানে খুব বেশি সংযত হতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক।অবশ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে বলেছেন, ‘মোদ্দা কথা, প্রস্তাবিত মুদ্রানীতিটি হবে বাস্তবানুগ, সংযত ও সংহত।’ এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার গভর্নর চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা দেন। এ সময় ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী, মুরশিদ কুলী খান, জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজেমীসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নতুন মুদ্রানীতিতে আগামী ছয় মাসে মুদ্রা সরবরাহ বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ১৮ দশমিক ৫ শতাংশ। সরকারসহ রাষ্ট্রীয় খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২৮ দশমিক ১০ শতাংশ। আর বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৮ শতাংশ।সাধারণভাবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার সঙ্গে মূল্যস্ফীতির হার যোগ করে সমপরিমাণ মুদ্রা সরবরাহ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হলে তাকে সংকুলানমূলক, এর চেয়ে কম হলে সংকোচনমূলক এবং তার চেয়ে বেশি হলে সম্প্রসারণমূলক মুদ্রানীতি বলা হয়। কিন্তু বাংলাদেশে মুদ্রানীতির আদলটি অতটা গভীর ও কার্যকর নয়। এক প্রশ্নের জবাবে আল্লাহ মালিক কাজেমী বলেন, ‘আমাদের এখানে আর্থিক গভীরতা বিবেচনা করে আমরা প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির হারের সঙ্গে ঋণাত্মক চেনজিং ইনকাম ভ্যালোসিটি অব মানি (মুদ্রার আয়ের গতিবেগ) বিবেচনায় নিয়ে থাকি।’ তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক হিসাব করে দেখেছে, এখানে এই হার চার শতাংশের মতো। ফলে সাত শতাংশ প্রবৃদ্ধি ও সাড়ে সাত শতাংশ মূল্যস্ফীতির সঙ্গে যোগ করে মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১৮ দশমিক ৪ শতাংশ।বাংলাদেশ ব্যাংক বলেছে, গত অর্থবছরে অভ্যন্তরীণ ঋণ ২৫ শতাংশের বেশি বেড়েছে। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় বেশি। বড় অঙ্কের ঋণ প্রবৃদ্ধির পাশাপাশি বিদেশি তহবিল কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও লেনদেনের ভারসাম্যে চাপ বেড়েছে। এ অবস্থায় ঋণপ্রবাহে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে উৎপাদনশীল খাতে ঋণ অব্যাহত রেখে অপচয়ী, অনুৎপাদনশীল ও অনুমাননির্ভর বিনিয়োগের জন্য ঋণের লাগাম টেনে ধরতে চায় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, গত অর্থবছরে ঋণ প্রবৃদ্ধির কিছু ইতিবাচক ফল চলতি অর্থবছরে পাওয়া যাবে। এতে করে এবার সংযত ঋণ প্রবৃদ্ধি দিয়েই প্রত্যাশিত জিডিপির প্রবৃদ্ধি অর্জন করা যাবে। অনুমাননির্ভর বিনিয়োগ বলতে শেয়ারবাজারকে বোঝানো হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে আল্লাহ মালিক কাজেমী বলেন, শুধু শেয়ারবাজার নয়, আরও অন্য ধরনের অনুমাননির্ভর বিনিয়োগকেও বোঝানো হচ্ছে।গভর্নর বলেন, চলতি অর্থবছরে জাতীয় বাজেটে প্রাক্কলিত সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। সে ক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য অগ্রগতিসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি অনুকূল ও স্থিতিশীল থাকতে হবে। একই সঙ্গে মূলধন হিসাবে বৈদেশিক অর্থপ্রাপ্তি ব্যাপকভাবে বৃদ্ধি না পেলে সাত শতাংশ জিডিপি অর্জন করতে গিয়ে আর্থিক প্রয়োজনীয়তা গত অর্থবছরের মতো মুদ্রাবাজারের ওপর চাপ অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে অন্য নীতিগুলো পরিপূরক ও কার্যকর করতে হবে।কেন্দ্রীয় ব্যাংক মনে করে, অভ্যন্তরীণ ঋণপ্রাপ্তির চাহিদা কমে যাবে যদি টাকার অতিরিক্ত অবমূল্যায়ন, লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা এবং সম্পদ-দায়ের মধ্যে সামঞ্জস্যহীনতা দূর করা যায়। গভর্নর বলেন, ব্যাংকের সুদের হার, চার্জ ও কমিশনকে প্রতিযোগিতামূলক করা এবং গ্রাহক স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক তার নজরদারি ব্যবস্থা আরও জোরদার করবে। আতিউর রহমান বলেন, প্রধানত, বিশ্ববাজারে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্য মূলের অস্থিরতার কারণে গত অর্থবছর দেশের মূল্যস্ফীতি ৮ দশমিক ৮০ শতাংশ হয়েছে, যা সংশোধিত জাতীয় বাজেটে প্রক্ষেপিত আট শতাংশের তুলনায় অনেকটা বেশি। নতুন মুদ্রানীতিতে চলতি অর্থবছর শেষে অর্থাৎ ২০১২ সালের জুনে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ২০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে গত মে মাস শেষে অভ্যন্তরীণ ঋণের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ২৯ শতাংশ। আর অর্থবছর শেষে তা ২৭ দশমিক ৮ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে মে মাস শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ৫ শতাংশ, যা জুন মাসের হিসাব নিয়ে ২৫ দশমিক ৫ শতাংশ হবে বলে হিসাব করা হচ্ছে। এর আগের কয়েকটি মুদ্রানীতিতে মুদ্রা সরবরাহ ও ঋণপ্রবাহ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও তা বাস্তবায়ন হয়নি কেন জানতে চাইলে আল্লাহ মালিক কাজেমী বলেন, বিশ্বমন্দার কারণে দুই বছর ধীরগতির পর গত অর্থবছরে অর্থনীতিতে চাহিদা অনেক বেড়ে যায়। পরিস্থিতির কারণে মুদ্রানীতির আদল ও বাস্তবতার মধ্যে বড় পার্থক্য তৈরি হয়।