শীর্ষ তিনে আছে এছাক ব্রাদার্স পোর্টলিংক ও ওসিএল
বেসরকারি ডিপোগুলোয় পণ্যবাহী চার লাখের বেশি কনটেইনার ওঠা-নামা
বেসরকারি ১৮টি কনটেইনার ডিপোতে গত ২০১১-১২ অর্থবছরে আমদানি-রপ্তানি পণ্যবাহী চার লাখ ৪১ হাজার ১৪৩ একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে।আমদানি ও রপ্তানি পণ্যবাহী কনটেইনার ওঠানো-নামানোয় শীর্ষস্থানে আছে এছাক ব্রাদার্স লিমিটেড। এক বছরের ব্যবধানে কেডিএস লজিস্টিকস লিমিটেডকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড। তৃতীয় অবস্থানে আছে সামিট গ্রুপের ওশান কনটেইনার লিমিটেড (ওসিএল)। চট্টগ্রামের চালু ১৮টি কনটেইনার ডিপোতে গত অর্থবছরের আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার ওঠানো-নামানোর হিসাব করে এ তথ্য পাওয়া গেছে। রাজস্ব বোর্ডের নিয়মানুযায়ী, চট্টগ্রাম বন্দর দিয়ে ১৯ ধরনের আমদানি পণ্যবাহী কনটেইনার এসব ডিপোতে খালাস করা বাধ্যতামূলক। রপ্তানি পণ্যের সিংহ ভাগও এসব ডিপোতে এনে কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানি হয়। আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার পরিবহনের পাশাপাশি এসব ডিপো খালি কনটেইনারও সংরক্ষণ করে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, প্রায় সাড়ে ৬৩ হাজার একক কনটেইনার ওঠানো-নামানোর শীর্ষস্থানে আছে এছাক ব্রাদার্স লিমিটেড। পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড ৪৯ হাজার ৬০৭ একক কনটেইনার ওঠানো-নামানোর দ্বিতীয় অবস্থানে এবং ৪৯ হাজার ৩৭১ একক কনটেইনার ওঠানো-নামানোর তৃতীয় অবস্থানে রয়েছে ওসিএল। ২০১০-১১ অর্থবছরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে এছাক ব্রাদার্স, কেডিএস এবং ওসিএল। তবে এবার কেডিএস চতুর্থ অবস্থানে রয়েছে। জানা গেছে, জাহাজ কোম্পানির প্রতিনিধি ও ফ্রেইট ফরোয়ার্ডাররা সরাসরি বেসরকারি ডিপোর প্রধান গ্রাহক। রপ্তানিকারক ও আমদানিকারকেরা পরোক্ষভাবে এসব ডিপোর গ্রাহক হিসেবে ধরা হয়। সেবা ও অবকাঠামো সুযোগ-সুবিধা বিবেচনা করে পছন্দের ডিপো বেছে নেয় এসব গ্রাহক।জানতে চাইলে এছাক ব্রাদার্স লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন (অব.) আহসান আজিজ প্রথম আলোকে বলেন, সেবার মান, যন্ত্রপাতির পর্যাপ্ততা, অভিজ্ঞ জনবল এবং তথ্যপ্রবাহ—এই চারটি বিষয় প্রাধান্য দেয় গ্রাহকেরা। এই চারটি বিষয়ের সমন্বয় ভালো হওয়ায় এছাক ব্রাদার্স লিমিটেড আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার ওঠানো-নামানোয় শীর্ষস্থান ধরে রেখেছে।জানা গেছে, বেসরকারি ডিপোগুলোর এখনো মূল আয়ের খাত রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই এবং পরিবহন থেকে। রপ্তানি পণ্য ওঠানো-নামানোর দিক থেকে এছাক ব্রাদার্সের পরই সামিট গ্রুপের ওসিএল এবং এসএপিএলের দুটি ইউনিট যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। গত অর্থবছরে এই দুটি ডিপোতে যথাক্রমে সাড়ে ৪৭ হাজার ও ৪০ হাজার একক রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ওঠানো-নামানো হয়।চট্টগ্রাম কাস্টম হাউস ও বন্দরের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দরের এক থেকে ২৬ কিলোমিটার দূরত্বের মধ্যে বিচ্ছিন্নভাবে মোট ২৬৮ দশমিক ২৬ একর জায়গায় এই শিল্প গড়ে উঠেছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের এলাকার পোশাকশিল্পের রপ্তানিকারকদের সুবিধার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পর্যন্ত এলাকায় গড়ে উঠেছে পাঁচটি ডিপো। প্রসঙ্গত, ১৯৯৫ সালে চট্টগ্রামে প্রথম এই শিল্পের যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালে এই শিল্প স্থাপনে নিয়মকানুন জারি করা হয়। শুরুর দিকে খালি কনটেইনার সংরক্ষণাগার হিসেবে যাত্রা শুরু করলেও পর্যায়ক্রমে বেসরকারি ডিপোর কাজের পরিধি বাড়তে থাকে। ২০০১ সালে রপ্তানি পণ্য এনে কনটেইনারে বোঝাইয়ের অনুমতি এবং ২০০৭ সালে প্রাথমিকভাবে নয়টি আমদানি কনটেইনার খালাসের বাধ্যবাধকতা জারি হয়। এখন পর্যন্ত পর্যায়ক্রমে ১৯টি আমদানি পণ্য খালাসের বাধ্যবাধকতা জারি হয়েছে। কার্যক্রম বাড়ার পাশাপাশি চট্টগ্রামে বেসরকারি ডিপোর সংখ্যাও বেড়ে হয়েছে ২০। এর মধ্যে ১৮টির কার্যক্রম সচল আছে বলে কাস্টম হাউস সূত্রে জানা গেছে।