বেসরকারি ডিপোতে পণ্যের শুল্কায়ন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি কনটেইনার ডিপোতে প্রথমবারের মতো রপ্তানি পণ্যের শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে।
চট্টগ্রাম বন্দরের অদূরে এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে গতকাল সোমবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম কাস্টমসের কমিশনার হোসেন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে হোসেন আহমদ বলেন, ব্যবসা-বাণিজ্য সহজীকরণে প্রথমবারের মতো এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এত দিন রপ্তানি পণ্যের কায়িক পরীক্ষা (ফিজিক্যাল এগজামিনেশন) ডিপোতে হলেও শুল্কায়ন কার্যক্রম হতো কাস্টম হাউসে। যে কারণে একই কাজের জন্য দুই জায়গায় জনবল নিয়োগের দরকার পড়ত। এখন রপ্তানি পণ্যের কায়িক পরীক্ষা ও শুল্কায়ন কার্যক্রম—দুটোই ডিপোতে হবে। ফলে রপ্তানির ক্ষেত্রে সময় কম লাগবে। আবার একই কাজের জন্য জনবলও বেশি লাগবে না।
বন্দরের তথ্য অনুযায়ী, দেশে রপ্তানি পণ্যের প্রায় ৯০ শতাংশই বেসরকারি ডিপোর মাধ্যমে বন্দর হয়ে রপ্তানি হয়। বাকি ১০ শতাংশ ঢাকার কমলাপুর ডিপো ও সংশ্লিষ্ট কোম্পানির কারখানা বা গুদাম থেকে কনটেইনারে বোঝাই করে সরাসরি বন্দরে পাঠিয়ে রপ্তানি করা হয়।
বেসরকারি ডিপোর মাধ্যমে পণ্য রপ্তানির প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী, কারখানা বা গুদাম থেকে রপ্তানি পণ্য ট্রাক বা কাভার্ড ভ্যানে বোঝাই করে প্রথমে কনটেইনার ডিপোতে আনা হয়। এরপর ডিপোতে কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানি হয়। ডিপোতে রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাইয়ের সময় যাচাই-বাছাই করেন কাস্টমস কর্মকর্তারা। এর পরে পণ্যের শুল্কায়ন কার্যক্রমের জন্য রপ্তানিকারকের প্রতিনিধিদের ডিপোগুলো থেকে আবার কাস্টম হাউসে আসতে হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান, এছাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, এছাক ব্রাদার্সের মহাব্যবস্থাপক ফখরুল আকবর প্রমুখ।