বেসরকারি পর্যায়ে ইপিজেড চায় ঢাকা চেম্বার
শিল্পায়নের লক্ষ্য অর্জনে দেশে বেসরকারিভাবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
সংগঠনের নেতারা বলেছেন, বেসরকারি উদ্যোক্তাদের মালিকানায় অনেক জমি রয়েছে। এগুলোতে বেসরকারি ইপিজেড স্থাপন করা গেলে শিল্পের উৎপাদন বাড়বে। আর কর্মসংস্থানের ব্যাপক সুযোগও সৃষ্টি হবে।
ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদের নেতৃত্বে নতুন কমিটির নেতারা গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে মন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন। সেখানেই নানা দাবি তুলে ধরেন ও নীতি-সহায়তা চান তাঁরা। এর একটি হলো—বেসরকারি ইপিজেড প্রতিষ্ঠা।
ঢাকা চেম্বারের এই দাবির পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পমালিকদের জন্য সরকার ইতিমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় পোশাকশিল্পপার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। বেসরকারি পর্যায়ে ইপিজেড প্রতিষ্ঠার প্রস্তাব পেলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।
বৈঠকে দেশে অটোমোবাইল শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি নীতি-সহায়তা চান ঢাকা চেম্বারের নেতারা। তাঁরা বলেন, অটোমোবাইল শিল্প বিকশিত হলে দেশে দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের বিরাট সুযোগ তৈরি হবে। এ জন্য বাজেটে প্রতিবছর শুল্ককাঠামো পরিবর্তন না করে দীর্ঘমেয়াদি শুল্ক ও কর সহায়তার সুপারিশ করেন তাঁরা।
িশল্পমন্ত্রী বলেন, অটোমোবাইল শিল্পে বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে এলে সরকার সব ধরনের নীতি-সহায়তা দেবে। এ জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দিতে ডিসিসিআইয়ের নেতাদের পরামর্শ দেন তিনি। পায়রা সমুদ্রবন্দর নির্মাণ হয়ে গেলে দেশীয় শিল্পকারখানার আমদানি ও রপ্তানি খরচ অনেক কমে আসবে বলেও আশা করেন মন্ত্রী।
বৈঠকে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, ডিসিসিআইয়ের দুই সহসভাপতি হুমায়ুন রশিদ ও শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি সবুর খানসহ পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।