বেসরকারি পিএসটিএনের বকেয়া ৬৬ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সেবার মান এবং প্রতিযোগিতা বাড়াতে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ১২টি বেসরকারি ল্যান্ডফোন অপারেটরকে এক দশক আগে সেবা দেওয়ার অনুমতি দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে ১০টি অপারেটরের কার্যক্রমই এখন বন্ধ। বাকি দুটি অপারেটরও নামমাত্র কিছু গ্রাহককে সেবা দিচ্ছে। ব্যবসায়িক কার্যক্রম চালু না থাকায় এসব অপারেটরের কাছে বিটিআরসির বকেয়া ৬৬ কোটি টাকা আদায় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেসরকারি পিএসটিএন (পাবলিক সুইচড ট্রান্সমিশন নেটওয়ার্ক) বা ল্যান্ডফোন অপারেটরগুলোর বাজারে টিকতে না পারার বড় কারণ দেশে মুঠোফোনের সহজলভ্যতা। এর পাশাপাশি অপ্রতুল বিনিয়োগ, দূরদর্শিতার অভাব, অবৈধ ভিওআইপি কল আনার মতো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কারণে প্রতিষ্ঠানগুলো কখনোই বাজারে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারেনি।
বিটিআরসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারা দেশে সেবা দেওয়ার জন্য পাঁচটি নেশনওয়াইড ল্যান্ডফোন অপারেটরের লাইসেন্স আছে। প্রতিষ্ঠানগুলো হলো র্যাংকসটেল, ন্যাশনাল টেলিকম, টেলি বার্তা, ঢাকা ফোন ও পিপলসটেল। এর মধ্যে র্যাংকসটেলের কাছে ৭ কোটি ৫৭ লাখ টাকা, ন্যাশনাল টেলিকমের কাছে ৮ কোটি ৬২ লাখ টাকা, টেলি বার্তার কাছে ১৭ কোটি ৪ লাখ, ঢাকা ফোনের কাছে ৪ কোটি ২০ লাখ ও পিপলস টেলিকমিউনিকেশনসের কাছে ৩ কোটি ১ লাখ টাকাসহ মোট ৪০ কোটি ৪৪ লাখ টাকা বকেয়া আছে।
আঞ্চলিক পর্যায়ে সেবা দেওয়ার জন্য অনুমতি পাওয়া সাতটি প্রতিষ্ঠানের সব কটির কার্যক্রমই এখন বন্ধ আছে। প্রতিষ্ঠানগুলো হলো ওয়ার্ল্ড টেল, বাংলাফোন, ওয়ানটেল, এসএ টেলিকম, জালালাবাদ টেলিকম, ওয়েস্টক ও নেক্সট টেল। ওয়ার্ল্ড টেলের কাছে ২ কোটি ৮৬ লাখ টাকা, বাংলাফোনের কাছে ১ কোটি ৩০ লাখ টাকা, ওয়ানটেল কমিউনিকেশনের ৫ কোটি ২৭ লাখ টাকা, এসএ টেলিকমের ৪ কোটি ৩৫ লাখ টাকা, জালালাবাদ টেলিকমের কাছে ৫ কোটি ৪৯ লাখ টাকা, ওয়েস্টকের ৪ কোটি ৭৮ লাখ টাকা ও নেক্সট টেলের ১ কোটি ৩২ লাখ টাকাসহ মোট ২৫ কোটি ৩৭ লাখ টাকা বকেয়া আছে। আয়ের ভাগ না পাওয়া, লাইসেন্স ফি, তরঙ্গ ফি, মূল্য সংযোজন কর (মূসক) ও বিলম্ব ফি হিসেবে ১২টি প্রতিষ্ঠানের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি টাকা। এসব অপারেটরের মধ্যে র্যাংকসটেল ও বাংলাফোনের বর্তমানে কার্যক্রম চালু আছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, কার্যক্রম বন্ধ থাকা এসব অপারেটরের বকেয়া ও অব্যবহৃত তরঙ্গের বিষয়ে সর্বশেষ কমিশন বৈঠকে আলোচনা হয়। ওই বৈঠকে পিএসটিএন অপারেটরদের সামগ্রিক কর্মকাণ্ড বিশ্লেষণের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কমিটি কাজও শুরু করেছে।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ব্যাংক গ্যারান্টি হিসাবে জমা নেওয়া অর্থ থেকে কিছু অপারেটরের বকেয়া সমন্বয় করা সম্ভব হবে। আর যাদের ব্যাংক গ্যারান্টি জমা নেই, তাদের বিরুদ্ধে সরকার নির্ধারিত বকেয়া আদায় আইনে মামলা করা হবে।
অবৈধ ভিওআইপির সঙ্গে পিএসটিএন অপারেটরদের জড়িত থাকার অভিযোগও আছে। এই অভিযোগে র্যাংকসটেল, ন্যাশনাল টেলিকম, ঢাকা ফোন, পিপলসটেল ও ওয়ার্ল্ড টেলের কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। পরবর্তীতে র্যাংকসটেল তাদের কার্যক্রম আবার চালু করে।
বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে চালু থাকা ল্যান্ডফোন সংযোগের সংখ্যা বর্তমানে ৮ লাখ ৯ হাজার ৫০০। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের ৭ লাখ ৫০ হাজার, র্যাংকসটেলের ৫৯ হাজার ২০০ ও বাংলাফোনের ২০০ সংযোগ চালু আছে।
টেলিযোগাযোগভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার জ্যেষ্ঠ গবেষক আবু সাঈদ খান বলেন, ‘শুধু টেলিযোগাযোগ সেবা দিয়ে বর্তমান বাজারে ল্যান্ডফোন অপারেটরদের টিকে থাকা সম্ভব নয়। নতুন বাজার তৈরি করতে এসব অপারেটর যথেষ্ট বিনিয়োগও করেনি। তাই এসব অপারেটর টিকে থাকতে পারেনি।’