বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির জন্য সুশাসন নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।
রাজধানীতে গতকাল রোববার এক মতবিনিময় সভায় ইব্রাহিম খালেদ বলেন, ‘আগামী অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ। এটি অর্জন সম্ভব। এ জন্য বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। তবে বাজেটে সেটি নিয়ে কোনো পরিকল্পনা নেই।’ তিনি বলেন, ‘ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তাঁরা ব্যাংকঋণের সুদের হার কমানোর কথা বলবেন। সুদের হার কমাতে হবে, এটা অবশ্যই স্বীকার করি। তবে এটি করলেই যে বিনিয়োগ হবে, সেটির নিশ্চয়তা কিন্তু নেই।’
ইব্রাহিম খালেদ আরও বলেন, ব্যাংকে বিনিয়োগযোগ্য প্রচুর অলস তহবিল পড়ে আছে। বিনিয়োগ হচ্ছে না। কারণ, সুশাসনের বেশ অভাব। ব্যবসায়ীরা কোনো জায়গাতেই স্বাভাবিকভাবে স্বচ্ছতার সঙ্গে সেবাগুলো পাচ্ছেন না। যেমন বিদ্যুৎ ছাড়া শিল্প গড়া যাবে না। অর্থমন্ত্রীর ভাষায় বললে, ‘স্পিড মানি’ (ঘুষ) না দিলে বিদ্যুৎ-সংযোগ পাওয়া যায় না। সেই স্পিড মানির পরিমাণও অনেক বেশি, যা কি না বিনিয়োগের সঙ্গে যোগ করতে হয়।’
বেসরকারি সংস্থা সমুন্নয় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বাজেট ২০১৫-১৬ কতটা প্রান্তজনবান্ধব’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে মূল বক্তব্য পাঠ করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী দিলরুবা ইয়াসমীন চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সিনিয়র রিসার্চ ফেলো মাহফুজ কবির।
জমির অপর্যাপ্ততাকে বিনিয়োগের জন্য সমস্যা বলে উল্লেখ করেন ইব্রাহিম খালেদ। তিনি বলেন, ‘জমির অভাব। তাই সরকার অর্থনৈতিক অঞ্চল করার নীতি নিয়েছে। সেখানে সব সুযোগ-সুবিধা থাকবে। গত বছরের মতো এবারের বাজেটেও বিষয়টি আছে। সব মিলিয়ে নীতি ঠিক আছে, তবে সমস্যা হচ্ছে প্রয়োগে। এসব অঞ্চলে গত এক বছরে কেউ জমি বরাদ্দ পেয়েছেন, তেমনটি চোখে পড়েনি।’ তিনি বলেন, ‘বাজেট একটি সংখ্যা। সেটির বাস্তবায়ন না হলে মানুষের উন্নতি হবে না।’
শেয়ারবাজার নিয়ে ইব্রাহিম খালেদ বলেন, ‘শেয়ারবাজারে নিবন্ধিত কোম্পানিগুলোর করপোরেট কর আড়াই শতাংশ কমানো হয়েছে। এটি একটি শুভ উদ্যোগ। তবে পুঁজিবাজারে সংস্কারকাজ হয়নি। তাই শুধু করপোরেট কর কমিয়ে শেয়ারবাজার পুনরুজ্জীবিত হবে—এ আশা করা যাচ্ছে না। সে জন্য কর কমানোর পাশাপাশি সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা প্রয়োজন।’
ইব্রাহিম খালেদ বলেন, ‘বাজেট মোটামুটি প্রান্তজন-সহায়ক হয়েছে। তবে প্রত্যাশার তো সীমা নেই।’ তিনি বলেন, ‘হতদরিদ্র মানুষের জন্য আলাদা উন্নয়ন প্রকল্প নেওয়া দরকার। কারণ, দারিদ্র্য কমছে কিন্তু অর্থনৈতিক বৈষম্য কমছে না। বাজেটে দারিদ্র্য বিমোচনের কিছু উপাদান দেখা গেলেও বৈষম্য কমানোর বিষয়ে কিছু নাই।’
মাহফুজ কবির বলেন, সরকারি বিনিয়োগের মানের ওপর নির্ভর করে প্রান্তজন উপকৃত হবেন কি না। তিনি বলেন, চর ও হাওর এলাকা পিছিয়ে আছে। সেখানে স্বাস্থ্যসেবা ও পানির সংকট রয়েছে। এগুলো দূর করে দারিদ্র্য কমাতে না পারলে এত বড় বাজেট দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ কমবে না।