বেসরকারি বিনিয়োগ কমে যেতে পারে
ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া ক্রমাগত বাড়ছে। গত অর্থবছরে এই ঋণ নেওয়ার পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বাজেট অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক খাতের ওপর সরকারের অতি নির্ভরশীলতা ইতিমধ্যে বেসরকারি বিনিয়োগকে লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে দিচ্ছে। এ রকম অবস্থায় পুঁজিবাজারের জন্য ব্যাংকিং তহবিল গঠন ভবিষ্যতে বেসরকারি বিনিয়োগ আরও কমিয়ে দিতে পারে।বেসরকারি গবেষণা সংস্থা ‘উন্নয়ন অন্বেষণ’ বাংলাদেশের অর্থনীতির ওপর সর্বশেষ মাসিক পর্যালোচনায় এ অভিমত প্রকাশ করেছে। পর্যালোচনাটি গতকাল গণমাধ্যমে পাঠানো হয়েছে। পর্যালোচনায় বলা হয়েছে, ব্যাংক খাত থেকে সরকারের ব্যাপক ঋণ গ্রহণ এবং তার সঙ্গে শেয়ারবাজারের জন্য ব্যাংক তহবিল গঠন ভবিষ্যতে বেসরকারি বিনিয়োগ আরও সংকুচিত করে তুলতে পারে। উন্নয়ন অন্বেষণ বলছে, ব্যাংকব্যবস্থায় লেনদেন প্রত্যক্ষভাবে কোনো সম্পদ তৈরি করে না, শুধু অর্থনীতির তারল্য বাড়িয়ে দেয়। কাজেই বেসরকারি খাতের বিনিয়োগ কমে যাওয়ার অব্যাহত ধারা তারল্যসংকটের মাধ্যমে ব্যাংক খাতে মুনাফার পরিমাণও কমিয়ে দিতে পারে। আবার যেহেতু বর্তমানে পুঁজিবাজারে খাতভিত্তিক সর্বোচ্চ অবদান ব্যাংক খাতের, তাই ব্যাংক খাতের মুনাফার পতনও শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।উন্নয়ন অন্বেষণের পর্যালোচনায় বলা হয়েছে, শেয়ারবাজারের ক্রমাগত নিম্নগামিতা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বিষয়। ক্রমবর্ধমান বয়ে চলা অস্থিরতা শেয়ারবাজার পরিস্থিতিকে অত্যন্ত নাজুক অবস্থায় দাঁড় করিয়েছে। এর নেতিবাচক প্রভাবে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী তাঁদের পুঁজি খুইয়ে অত্যন্ত শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।এতে আরও বলা হয়েছে, মূল্যস্ফীতি প্রশমনে সরকারের বর্তমান সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাবে সুদের হার বেড়েছে। এতে মূলধন সংকোচন ঘটে শেয়ারবাজারে ব্যাংক খাতের বিনিয়োগও বাধাগ্রস্ত হয়েছে। শেয়ারবাজারের পতন রোধে সরকার ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। কর মওকুফ, প্রান্তিক ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি, ব্যাংক খাতে বিনিয়োগে আগ্রহী করা ইত্যাদি। তবে সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশিত হলেও শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়ে গেছেন পর্দার অন্তরালে। শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা অচিহ্নিত থাকায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা পরিলক্ষিত হয়েছে বলে উন্নয়ন অন্বেষণ মনে করে।প্রতিষ্ঠানটি গত এক দশকে দেশের শেয়ারবাজারের বিভিন্ন নির্দেশক ও সূচক বিশ্লেষণ করে অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারের সম্পৃক্ততার মাত্রা নিরূপণের চেষ্টা করেছে। বাজার মূলধন হারের মাধ্যমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সঙ্গে শেয়ারমূল্যের সম্পর্ক নির্দেশিত হয়। সাধারণত বাজারের আকার বাজার মূলধনের সঙ্গে ইতিবাচকভাবে সম্পর্কিত। এ আলোকে উন্নয়ন অন্বেষণের বিশ্লেষণে দেখা যায়, ১৯৯৫-৯৬ অর্থবছর থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত বাজার মূলধনের অনুপাত চার থেকে ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু পরবর্তী সময়ে বাজার মূলধনের অনুপাতের হার দ্রুত বাড়তে থাকে এবং ২০১০-১১ অর্থবছরে তা ২৯ দশমিক ৫৫ শতাংশে উন্নীত হয়। প্রতিষ্ঠানটি বলছে, প্রকৃতপক্ষে বাজার মূলধনের এই হার অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় এবং এর মাধ্যমে কোম্পানির লাভ, উৎপাদনব্যবস্থা, কোম্পানির স্থিতিপত্র প্রভৃতি সম্পর্কে সরাসরি কোনো ধারণা পাওয়া যায় না। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ১৯৯৬-৯৭ অর্থবছরে বাজার মূলধনের পরিমাণ ৩৩ দশমিক ২৬ শতাংশ বাড়লেও বাজারমূল্যে দেশজ উৎপাদনের পরিবর্তন হয়েছিল ৮ দশমিক ৬৪ শতাংশ। আবার ২০০১-০২ অর্থবছরে বাজার মূলধনের পরিমাণ তার আগের বছরের চেয়ে ৯ দশমিক ৮২ শতাংশ কমলেও দেশজ উৎপাদনের পরিমাণ ৭ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে বাজার মূলধনের পরিমাণ ২ দশমিক ২২ শতাংশ বাড়লেও যেখানে চলমান বাজার আর্থিক মূল্যে দেশজ উৎপাদনের পরিমাণ ১৩ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খাতভিত্তিক অবদান বিশ্লেষণের উন্নয়ন অন্বেষণ দেখছে, শেয়ারবাজারের ক্ষেত্রে মূলত আর্থিক খাতের অবদান ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যেসব খাত সরাসরি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে তার অবদান কমেছে।