বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকারের পথনকশা দরকার
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকারকে অবশ্যই একটি পথনকশা করতে হবে।ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) আয়োজিত বাংলাদেশের বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ের মিলনায়তনে গতকাল শনিবার এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন প্রাইম ইউনিভার্সিটির অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান এম মনোয়ার হোসেন। সেমিনারে এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক বলেন, দেশে এখন ধানের জমি, খালের জমি ভরাট করে কোনো পরিকল্পনা ছাড়াই শিল্পকারখানা গড়ে উঠছে। কিন্তু চিন্তাভাবনা করে আলাদা আলাদা খাতের জন্য শিল্পপার্ক করা হচ্ছে না। আবদুল হক আরও বলেন, দেশে একটি শিল্প মন্ত্রণালয় আছে। তারা কেবল রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা নিয়েই ব্যস্ত। বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই। আর বিনিয়োগ বোর্ড নিবন্ধন দিয়েই বসে থাকে। তারপর আর কোনো তদারকি নেই। সেমিনারে আরও বক্তব্য দেন শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান রেজা-ই-খন্দকার, ডিএসসিইর একাডেমিক কাউন্সিলের সদস্য এ কে এম শামীম প্রমুখ। সভাপতিত্ব করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ডিএসসিইর সৈয়দ শাহ হাবিব উল্লাহ।