বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। এগুলো হলো অবকাঠামো উন্নয়ন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও রাজনৈতিক অনিশ্চয়তা হ্রাস। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বেসরকারি বিনিয়োগের অংশ স্থবির হয়ে আছে। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির গতিকে ত্বরান্বিত করতে ব্যর্থ হয়েছে।
আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (এসএএনইএম-সানেম) বাংলাদেশের অর্থনীতির ত্রৈমাসিক পর্যালোচনায় এসব কথা বলেছে। সানেম হলো দক্ষিণ এশিয়ার অর্থনীতিবিদ ও গবেষকদের একটি ফোরাম।
বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রশংসা করেছে সানেম। সানেম আরও বলেছে, ২০৩০ সাল নাগাদ ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য একটি পথনকশা থাকা প্রয়োজন। এ ছাড়া অর্থনৈতিক অঞ্চলগুলোর অগ্রগতি তদারকির ব্যবস্থাও চালু করা দরকার।
সানেম বলছে, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবই পূরণ করতে হবে। প্রতিশ্রুতিগুলো হলো ব্যবসায়িক পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চলকে সমুদ্র ও স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত করা, রপ্তানি বহুমুখীকরণ। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলের দক্ষ ব্যবস্থাপনা তৈরি করতে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।
২০১০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। সানেম মনে করে, বাংলাদেশের প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করতে পাঁচ বিষয়ে গুরুত্ব দিতে হবে। এগুলো হলো বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, অর্থনীতির বহুমুখীকরণ, দক্ষতা বৃদ্ধি, রাজনৈতিক সমর্থন বা দৃঢ়তা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি উৎসাহিত করা।
সানেম বিভিন্ন বিষয়ে ত্রৈমাসিক পর্যালোচনা করে থাকে। মার্চ মাসের ত্রৈমাসিক পর্যালোচনার উদ্দেশ্য হলো মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা। সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশ ব্যাংকের সমালোচনা করে সানেমের পর্যালোচনায় বলা হয়েছে, সম্প্রতি ব্যাংকিং খাতের কেলেঙ্কারি এবং ঋণখেলাপির সংখ্যা বেড়ে যাওয়া আর্থিক খাতের দুর্বলতাকেই তুলে ধরে। সানেম মনে করে, নামমাত্র সুদের হার কমিয়ে বেসরকারি খাতে ঋণ বৃদ্ধি সম্ভব নয়। তাই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক সংস্কারের পরামর্শ দিয়েছে সানেম।
সেলিম রায়হান তাঁর মূল প্রবন্ধে বলেন, বিশ্ব বাণিজ্যের ক্রমবর্ধমান অনিশ্চয়তার কথা মাথায় রেখে বাংলাদেশকে দক্ষিণ-দক্ষিণ বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতায় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জোর দিতে হবে। এ জন্য নীতিনির্ধারকদের চিন্তাধারায় পরিবর্তন দরকার।
সেলিম রায়হান আরও বলেন, অর্থনীতির বড় অংশই অনানুষ্ঠানিক খাতে বিরাজমান। আবার শিক্ষার হারও কম। এ দুটি কারণেই কর আদায় বৃদ্ধি করা যাচ্ছে না। প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভাবে কর আদায় বৃদ্ধির সংস্কারমূলক পদক্ষেপগুলো সফল হয়নি। করের ভিত্তি সম্প্রসারণে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তিনি আরও বলেন, যে গতিতে এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তা এসডিজির সামাজিক ও পরিবেশগত লক্ষ্য অর্জনে যথেষ্ট নয়।