বেসরকারি বিনিয়োগের গন্তব্যস্থল প্রশ্নবোধক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বেসরকারি বিনিয়োগের গন্তব্যস্থল বেশ প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। কারণ অর্থ পাচার। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অনেকেই ‘সেকেন্ড হোম’ করেছেন বলে পত্রপত্রিকাতেই উঠে এসেছে।

অর্থনীতিবিদ ও পেশাজীবীরা গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত প্রাক্‌-বাজেট আলোচনায় এসব কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আলোচনায় সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সাবেক অর্থসচিব মতিউল ইসলাম, মোহাম্মদ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

বেসরকারি বিনিয়োগের খারাপ অবস্থা নিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ‘মূল সমস্যা হচ্ছে কালোটাকা। চিন্তা করছি এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তা ছাড়া সংরক্ষণবাদ এখানে অনেক বেশি। আমার কাছে এটাও মস্ত বড় ভয়ের কারণ।’

অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক খাত নিয়ে আলোচকেরা বলেছেন যে এ খাতের প্রবৃদ্ধি ভালো। কিন্তু খাতটিতে বিভিন্ন সমস্যা চরম আকার ধারণ করেছে। তাই ব্যাংক কমিশন গঠন করা এখন সময়ের দাবি। দেখা যাক বাজেটের আগে কিছু করা যায় কি না।’

দেশে কৃষিজমি কম থাকায় গ্রামের দিকেও এখন বহুতলবিশিষ্ট ভবন তৈরি হওয়া উচিত বলে বৈঠকে পরামর্শ এসেছে। বিষয়টিকে নিজেও সমর্থন করেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দক্ষিণ কোরিয়া এ পদ্ধতি অনুসরণ করে সফল হয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, আলোচকেরা অবকাঠামো খাতে জোর দিতে পরামর্শ দিয়েছেন এবং বলেছেন বরাদ্দ দেওয়ার পর অর্থায়নের উৎস সম্পর্কে যেন আগেই বলে দেওয়া হয়।

 দেশের বিভিন্ন তথ্য, উপাত্ত ও পরিসংখ্যানের সত্যতা নিয়ে অর্থমন্ত্রীর নিজেরই অনেক প্রশ্ন রয়েছে বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, বিভিন্ন সংস্থার তথ্য এতই বিভ্রান্তিকর যে এর বড় ধরনের উন্নয়ন ও সংস্কার দরকার। দেখা গেছে, পরিকল্পনা বিভাগ ও পরিসংখ্যান বিভাগের তথ্যে বিরাট গরমিল।

তবে তথ্যের এ বিভ্রান্তি দূর করা তেমন কঠিন নয় বলেও মনে করেন মুহিত। তিনি বলেন, ‘একটা কমিটি গঠন করে দিয়েছি। সংস্থাগুলোর কাজে সমন্বয় সাধন হলেই সমস্যাটা মিটে যাবে।’

জেলা বাজেটে ব্যর্থতার কথা আলোচনায় এসেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কেন এটা কিছু হলো না, এখন সেই ব্যাখ্যা করা যাবে না। যত দূর মনে হয় জেলা বাজেটে সফল হতে গেলে স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে হবে।

দেশে বর্তমানে ৯৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আলোচকেরা বলেছেন যে এত বেশি কর্মসূচির আসলে দরকার নেই। এখানেও সংস্কার দরকার। অন্যদিকে তাঁরা বলেছেন দেশে গুণগত মানের শিক্ষাদানের ব্যাপারে মনোযোগী হতে হবে। ভূমি ব্যবস্থাপনার উন্নতির জন্য কয়েকটি বাজেটে ঘোষণা দেওয়া হলেও বাস্তবে এতে ব্যর্থ হয়েছেন বলে স্বীকার করেন অর্থমন্ত্রী।

প্রাক্‌-বাজেট আলোচনার এসব পরামর্শ বাস্তবে বাজেটে প্রতিফলিত হয় না বলে অনেক অর্থনীতিবিদের সঙ্গে কথা বলে জানা গেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি এটা মানলাম না। আমি আগেও বলেছি এবং আজও বলছি যে তাঁদের পরামর্শ ছাড়া বাজেট হয় না।’