বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়কর অব্যাহতি চায়
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আরোপিত ১৫ শতাংশ আয়কর মওকুফ চান এই খাতের উদ্যোক্তারা। এর কারণ হিসেবে তাঁরা দাবি করেছেন, আইনানুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসায়িকভাবে পরিচালিত হয় না। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক্-বাজেট আলোচনায় অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের নেতারা এ দাবি জানান। এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। এতে অংশ নেন অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম হায়দার, মহাসচিব আলিমউদ্দীন মিয়ান, কোষাধ্যক্ষ কে বি এম চিশতী, জাতীয় অধ্যাপক নুুরুল ইসলাম প্রমুখ। এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাড়া বাড়ির ওপর আরোপিত বিদ্যমান ৯ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহারেরও দাবি করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মালিকেরা। সমিতির দাবি, বর্তমানে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহূত কোনো ফ্লোর বা স্পেস ব্যবহারের ওপর ৯ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয় না, সে জন্য তাদের ওপর বিদ্যমান ৯ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য হতে পারে না। আবুল কাশেম হায়দার বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঞ্চয় প্রতিষ্ঠাতা সংস্থা বা কোনো ব্যক্তির মধ্যে লভ্যাংশ বা বোনাস হিসেবে ব্যয় করা হয় না। এ ছাড়া সার্কভুক্ত দেশসহ পৃথিবীর অন্য কোনো দেশের শিক্ষাব্যবস্থায় এই জাতীয় প্রতিষ্ঠানের ওপর আয়কর আরোপ করা হয় না। সে জন্য বেসরকারি প্রতিষ্ঠানের বিদ্যমান ৯ শতাংশ হারে ভ্যাট আরোপ কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। হায়দার আরও বলেন, এক দেশে দুই নিয়ম থাকতে পারে না। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কর আরোপ করা হয় না। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ হয়।এনবিআরের চেয়ারম্যান জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আয়কর কমানো যাবে না। তবে অন্য প্রস্তাবগুলো বিবেচনা করা হবে।