বেসরকারি ব্যাংক কর্মকর্তা অগ্রণী ব্যাংকের পরিচালক!
বেসরকারি খাতের ওয়ান ব্যাংকের এক কর্মকর্তাকে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের পরিচালক নিয়োগের জন্য সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়। অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদও তাঁর নিয়োগ অনুমোদন করে বাংলাদেশ ব্যাংকে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন তাতে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সেই কর্মকর্তা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সুধীর চন্দ্র দাস। তিনি বর্তমানে ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
বেসরকারি ব্যাংকে কর্মরত একজন কর্মকর্তাকে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়ার প্রক্রিয়ার ঘটনায় ব্যাংক খাতে নতুন রেকর্ড তৈরি হতে যাচ্ছে। পরিচালক বাছাইয়ে অর্থ মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখ্ত প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে তাঁকে নিয়োগের জন্য পাঠানো হয়েছে, আমরাও তাতে অনুমোদন দিয়েছি। বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলেই তিনি পরিচালক হয়ে যাবেন। তিনি বেসরকারি ব্যাংকে কর্মরত—এ তথ্য আমাদের কাছে গোপন করা হয়েছে। বেসরকারি ব্যাংকে কর্মরত কেউ অগ্রণী ব্যাংকের পরিচালক হবেন, এটা কীভাবে হয়?’
জানা গেছে, ২০১৪ সালের জুনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদ থেকে অবসরে যান সুধীর চন্দ্র দাস। এরপর তিনি ওয়ান ব্যাংকে যোগদান করেন। ওয়ান ব্যাংকের পূর্ণকালীন কর্মকর্তা হিসেবে তিনি প্রশিক্ষণ, আইনসহ বেশ কিছু বিভাগ দেখভাল করেন।
ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জনসংযোগ বিভাগের প্রধান এম আহসান হাবিব গতকাল প্রথম আলোকে বলেন, ‘সুধীর চন্দ্র দাস আমাদের ব্যাংকের পূর্ণকালীন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। ব্যাংকের বেশ কয়েকটি বিভাগ দেখাশোনা করেন তিনি।’
জানতে চাইলে সুধীর চন্দ্র দাস গতকাল বলেন, ‘নিয়োগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। হলে কী করব, পরে দেখা যাবে।’