দেশের বেসরকারি ব্যাংকগুলোও তথ্য অধিকার আইন, ২০০৯ অনুসারে তথ্য প্রদানে বাধ্য। তথ্য কমিশনের এক তথ্য বিবরণীতে গতকাল মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
কমিশন বলেছে, আইনের ২(ক) ও (খ) অনুযায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর পাশাপাশি সব বেসরকারি ব্যাংক তথ্য প্রদান ইউনিট এবং তথ্য প্রদানকারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবে।
সম্প্রতি তথ্য প্রদানে অনীহার কারণে রাজশাহীর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ আসে। শুনানিতে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলো তথ্য প্রদানকারী কর্তৃপক্ষ কি না, সেই বিতর্ক ওঠে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত ও ব্যাখ্যা চাওয়া হলে গত সোমবার মন্ত্রণালয় মত পাঠিয়েছে কমিশনে।
ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি ব্যাংকগুলোর কাছে যে কেউ তথ্য অধিকার আইনের নির্ধারিত ফরমের মাধ্যমে তথ্য পাওয়ার আবেদন করতে পারবেন। ব্যাংকগুলোও আইন অনুযায়ী তথ্য প্রদানে বাধ্য থাকবে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, আইনের ১০ ধারা অনুযায়ী আইন কার্যকর হওয়ার পর এর আগে বিদ্যমান ও পরে প্রতিষ্ঠিত প্রত্যেক কর্তৃপক্ষের জন্য ৬০ দিনের মধ্যে নিজ নিজ দপ্তরে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ বাধ্যতামূলক। এ বিষয়ে তথ্য কমিশন প্রতিটি মন্ত্রণালয়ের সচিবদের মাধ্যমে প্রতিটি তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের অনুরোধ জানিয়ে একাধিকবার চিঠিও দিয়েছে। লক্ষ করা যাচ্ছে, পাঁচ বছর পরও অনেক কর্তৃপক্ষই তথ্য অধিকার আইন, ২০০৯ ভঙ্গ করে চলেছে।