বেসরকারি সংস্থার বৈদেশিক অনুদানের তথ্য জানাতে হবে
বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বৈদেশিক অনুদানের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। ষাণ্মাসিক ভিত্তিতে বছরে দুবার ছাড়কৃত অর্থের তথ্য ব্যাংকগুলোকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, গত বছরে নভেম্বরে ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬’ কার্যকর হয়েছে। ব্যাংকগুলোর মাধ্যমে এনজিওগুলোর বৈদেশিক অনুদান গ্রহণের যাবতীয় তথ্য সংরক্ষণের নির্দেশনা রয়েছে ওই আইনে। আইনটি পরিপালনের স্বার্থে যে ব্যাংকের মাধ্যমে অর্থ ছাড় হবে, ওই ব্যাংককে প্রতিবছর দুবার অর্থের পরিমাণসহ নির্দিষ্ট ছকে কিছু তথ্য দিতে হবে। প্রতিবছরের ১৫ জানুয়ারি এবং ১৫ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে।
গেজেটে ‘বৈদেশিক অনুদান’ বলতে ‘বিদেশি কোনো সরকার, প্রতিষ্ঠান বা নাগরিক অথবা প্রবাসী কর্তৃক দেশের অভ্যন্তরে স্বেচ্ছাসেবামূলক বা দাতব্য কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে কোনো সংস্থা, এনজিও বা ব্যক্তিকে প্রদত্ত নগদ অর্থ বা পণ্যসামগ্রী অথবা অন্য কোনোভাবে প্রদত্ত যেকোনো অনুদান, দান, সাহায্যকে বোঝানো হয়েছে।