বেসরকারীকরণ কমিশন স্থবির হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিমালিকানায় দেওয়া যাচ্ছে না। যদিও এই কাজের জন্য আছে প্রাইভেটাইজেশন কমিশন বা বেসরকারীকরণ কমিশন। কিন্তু এর কাজে কোনো গতি নেই। দীর্ঘদিন ধরেই কমিশনের কাজে স্থবিরতা বিরাজ করছে। ফলে এটি এখন পরিণত হয়েছে নামসর্বস্ব একটি সংস্থায়।বর্তমান সরকারের সাড়ে তিন বছরের বেশি সময়ে মাত্র চারটি প্রতিষ্ঠানের বেসরকারীকরণ-প্রক্রিয়া সম্পন্ন করেছে কমিশন। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানরই বেসরকারীকরণের প্রক্রিয়া আগে থেকেই চূড়ান্ত ছিল। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সেগুলো শুধু হস্তান্তর করেছে। আর একটি প্রতিষ্ঠানের কিছুসংখ্যক শেয়ার বিক্রি করা হয়েছে, তাও আবার ২০১০ সালে। এরপর থেকে কমিশন আর কোনো প্রতিষ্ঠানের বেসরকারীকরণ-প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। বরং বেসরকারীকরণ-প্রক্রিয়া নিয়ে একাধিক মন্ত্রণালয় ও কমিশনের মধ্যে পরস্পরবিরোধী অবস্থান প্রবল হয়ে উঠেছে।বর্তমান সরকারের এই সাড়ে তিন বছর মেয়াদকালে কমিশনের কাজ বলতে ছিল কয়েকটি সমীক্ষা কার্যক্রম। কমিশনের সময়কালে ও কমিশন গঠনের আগে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ তথ্য যাচাইয়ে এসব সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষা প্রতিবেদনের বাইরে কমিশনের দৃশ্যত আর কোনো কার্যক্রমই ছিল না। কমিশনের কর্মকাণ্ডে স্থবিরতার বিষয়টি স্বীকার করেছেন খোদ সংস্থাটির চেয়ারম্যান মির্জা আবদুল জলিল। প্রথম আলোর কাছে আইনগতভাবে কমিশনের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারায় তিনি নিজের অসন্তুষ্টির কথাও অকপটে স্বীকার করে নেন।উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রাইভেটাইজেশন বোর্ড গঠন করা হয়। এরপর বেসরকারীকরণ কাজে গতি আনতে ২০০০ সালে একে কমিশনে রূপান্তর করা হয়। বোর্ড ও কমিশন মিলিয়ে এই সংস্থা এখন পর্যন্ত ৭৫টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে ব্যক্তিমালিকানায় হস্তান্তর করতে পেরেছে। কমিশনের তথ্য অনুসারে, এর মধ্যে ৪৪টি লাভজনকভাবে চলছে। ১৬টি চালুর অপেক্ষায়। আর ১৫টি বন্ধ রয়েছে। কমিশন সূত্র জানিয়েছে, পাঁচ বছরে কমিশন মোট ১১টি রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ-প্রক্রিয়া সম্পন্ন করেছে। এর বেশির ভাগই করা হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে। এর বাইরে বেসরকারীকরণ-প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরও ১০টি প্রতিষ্ঠানের হস্তান্তর-প্রক্রিয়া এখনো আটকে আছে। এগুলোর মধ্যে আটটি প্রতিষ্ঠানের হস্তান্তর আটকে আছে মামলাজনিত কারণে। বাকি দুটি অর্থনৈতিকসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।কমিশনে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২৫ কোটি টাকার বেশি দামে কোনো সরকারি প্রতিষ্ঠান বিক্রির একক ক্ষমতা কমিশনের হাতে নেই। এ জন্য মন্ত্রিসভার অনুমোদন নিতে হয়। মাগুরা ও রাঙামাটি টেক্সটাইল মিল দুটির হস্তান্তর-প্রক্রিয়া অর্থনৈতিকসংক্রান্ত মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।এদিকে বেসরকারীকরণের জন্য এখনো কমিশনের হাতে ১৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি প্রতিষ্ঠান বেসরকারীকরণের জন্য কমিশনের কাছে ন্যস্ত করা হয়েছে। বেসরকারীকরণ-প্রক্রিয়া নিয়ে কমিশন ও মন্ত্রণালয়ের পরস্পরবিরোধী অবস্থানের মধ্যে এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে। বর্তমান কমিশনের সময়কালে আদৌ এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছাড়ার প্রক্রিয়া শুরু করা যাবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।কমিশন চেয়ারম্যান প্রথম আলোকে বলেছেন, ‘নানা প্রতিবন্ধকতার কারণে বেসরকারীকরণ প্রক্রিয়াটি থমকে যাওয়ায় কাজের বিস্তৃতি ঘটানোর মাধ্যমে কমিশনকে সক্রিয় রাখার চেষ্টা চালানো হচ্ছে।’মির্জা আবদুল জলিল জানান, বেসরকারীকরণের পাশাপাশি ইজারা প্রথা বা লিজের মাধ্যমে হলেও সরকারি বন্ধ মিল কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন তিনি। যেহেতু কমিশন তার প্রকৃত কাজটি সঠিকভাবে পালন করতে পারছে না তাই বিকল্প এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংস্থাটির চেয়ারম্যান স্বীকার করেছেন। বেসরকারীকরণের প্রক্রিয়ায় রয়েছে: বর্তমানে বেসরকারীকরণের প্রক্রিয়ায় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো হলো: প্রকিউরমেন্ট অ্যান্ড সেলস অর্গানাইজেশন, লুম্বার প্রসেসিং কমপ্লেক্স, কর্ণফুলী টিম্বার এক্সট্রাকশন ইউনিট, আরকো ইন্ডাস্ট্রিজ, এসএএফ ইন্ডাস্ট্রিজ, রাঙামাটি টেক্সটাইল, মাগুরা টেক্সটাইল, রাজশাহী সিল্ক ফ্যাক্টরি, ঠাকুরগাঁও সিল্ক ফ্যাক্টরি, ঢাকা লেদার কোম্পানি, নর্থবেঙ্গল পেপার মিলস, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, বাংলাদেশ ক্যান কোম্পানি, মনোয়ার জুট মিলস, অ্যারোমা টি, ফিশ ল্যান্ডিং সেন্টার অ্যান্ড হোলসেল ফিশ মার্কেট, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি, টাইগার ওয়্যার প্রোডাক্ট, ন্যাশনাল সুগার মিলস, সিলেট টেক্সটাইল, কুড়িগ্রাম টেক্সটাইল, ভালিকা উলেন মিলস, সার্ভিস ফ্যাসিলিটিজ সেন্টার ও ডায়িং অ্যান্ড প্রিন্টিং ইউনিট। এদের মধ্যে কিছু প্রতিষ্ঠানের হস্তান্তর-প্রক্রিয়া মামলাজনিত কারণে আটকে আছে। আর কিছু প্রতিষ্ঠানের সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।