বেসরকারীকরণ নিয়ে অনীহার প্রতিফলন!
সেমিনারটির প্রতিপাদ্য ছিল ‘শিল্পায়নে বেসরকারীকরণের ভূমিকা’। আয়োজন করেছিল প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ কমিশন। মূল উদ্দেশ্য ছিল ঝিমিয়ে পড়া বিরাষ্ট্রীয়করণ বা বেসরকারীকরণ প্রক্রিয়াকে কীভাবে চাঙা করা যায়, তা নিয়ে বিভিন্ন পক্ষের মতামত জানা।সেমিনারের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এবং সম্মানীয় অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর উপস্থিত থাকার কথা ছিল। তাঁরা কেউই যাননি। এমনকি সেমিনারের মূল আলোচক পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান জায়েদী সাত্তারও আসেননি। তিনি তাঁর লিখিত প্রবন্ধ পাঠিয়ে দিয়েছেন বলে জানানো হলেও প্রবন্ধের অনুলিপি অংশগ্রহণকারীদের সরবরাহ করা হয়নি। গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এলজিইডি মিলনায়তনে সকাল ১০টার সেমিনার শুরু হয় বেলা ১১টার পর। আর তাই দুপুর সাড়ে ১২টায় শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় বেলা আড়াইটার দিকে। এ অবস্থায় সেমিনারের আরেক সম্মানীয় অতিথি বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ উপস্থিত সুধীজনকে সম্বোধন করতে গিয়ে কিছুটা বিপাকে পড়েন। তিনি বলেন, ‘শুভ সকাল বলার কথা থাকলেও শুভ বিকাল বলতে হচ্ছে।’ অবশ্য বিভিন্ন সময় বেসরকারি খাতে ছেড়ে দেওয়া প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ উচ্চপদস্থ নির্বাহীরা মঞ্চে এসে তাঁদের অভিজ্ঞতার কথা জানান। তবে তাঁরা প্রায় সবাই দাবি করেন, কিনে নেওয়ার পর তাঁরা প্রতিষ্ঠানগুলোর অবস্থার উন্নতি ঘটিয়েছেন, লাভজনকও করেছেন। এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানও হয়েছে। তাঁদের বক্তব্যের পর সেমিনারের সভাপতি ও বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল তাঁর দীর্ঘ মতামত রাখেন। এতে চলে যায় সেমিনারের সিংহভাগ সময়। সেমিনার চলার এক ফাঁকে ক্ষণিকের জন্য বিদ্যুৎবিভ্রাটও হয়। বন্ধ থাকে সেমিনার। গতকাল বুধবার এই সেমিনারের এই বেহাল দশায় অংশগ্রহণকারী অনেকেই মন্তব্য করেন, এর মধ্য দিয়ে বেসরকারীকরণ কমিশনের কার্যক্রমের প্রকৃত চিত্রটিই উঠে এসেছে। কেউ কেউ এমনও বলেন, সরকারের নীতিনির্ধারকেরা বেসরকারীকরণে হয়তো তেমন আগ্রহী নন। তাই তাঁরা শেষ পর্যন্ত আর সেমিনারে আসেননি। অথচ এসে কথা বললে অনেক কিছুই স্পষ্ট হতো। অবশ্য সভাপতির বক্তব্যে মির্জা আবদুল জলিল স্বীকার করেন, বেসরকারীকরণ কমিশনে এক ধরনের স্থবিরতা চলছে। এই স্থবিরতা কাটাতে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক হয়েছে।আলোচনা: বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, সরকার ও বেসরকারি খাতের মধ্যে দ্বান্দ্বিক সম্পর্ক থাকা উচিত নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা-বাণিজ্যে আসা উচিত নয়। এস এ সামাদ আরও জানান, যে দেশ বেসরকারি মূলধন প্রলোভিত করতে পারে না, সে দেশ শিল্পায়িত হবে না। বাংলাদেশের মোট বিনিয়োগের ৮০ শতাংশই হলো বেসরকারি খাতের। সরকারি বিনিয়োগ প্রান্তিক ভূমিকায় এসে গেছে।বেসরকারি কমিশনের সাবেক নির্বাহী চেয়ারম্যান এনাম আহমদ চৌধুরী বলেন, কীভাবে বেসরকারিকরণ করা হবে, ঘোষিত শিল্পনীতিতে তার কৌশল বলা হয়নি। তিনি বেসরকারীকরণ কমিশনকে আরও ক্ষমতা দেওয়ার মত দেন। সেমিনারে আরও বক্তব্য দেন মেরিন কম্পোজিট টেক্সটাইলের চেয়ারম্যান আবদুল্লাহ হেল বারী, নিটোল গ্রুপের পরিচালক আবদুল মান্নান আহমেদ, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, সাব কন্ট্রাকটিং শিল্প মালিক সমিতির উপদেষ্টা আমিরুল ইসলাম প্রমুখ। সেমিনারের বিষয়বস্তু উপস্থাপন করেন বেসরকারীকরণ কমিশনের পরিচালক সৈয়দ জগলুল পাশা।