বেসরকারি খাতে ছেড়ে দেওয়া রাষ্ট্রায়ত্ত ৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২টি বন্ধ আছে। আর চালু আছে ৪৪টি। তবে অর্ধেকের বেশি প্রতিষ্ঠানে লাভ-লোকসানের কোনো তথ্য পাওয়া যায় না।বেসরকারীকরণ (প্রাইভেটাইজেশন) কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, করপোরেশন ও সংস্থা কর্তৃক বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ৭৬টি প্রতিষ্ঠানের ওপর এক সমীক্ষা চালিয়ে এসব তথ্য পেয়েছে। ১৯৯৩ সালে প্রাইভেটাইজেশন বোর্ড গঠনের আগে এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছিল।গতকাল এই সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, পাঁচটি করপোরেশনের ২২৭টি প্রতিষ্ঠানের ওপর সমীক্ষা চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু বেশির ভাগ প্রতিষ্ঠানের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। আবার কিছু প্রতিষ্ঠানের অস্তিত্বও নেই। শেষ পর্যন্ত ৭৬টি প্রতিষ্ঠানের ওপর সমীক্ষা সম্পন্ন করা হয়। সমীক্ষা প্রতিবেদন থেকে দেখা যায়, ৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের দায়দেনা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। বাকি ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির কোনো দায়দেনা নেই।সমীক্ষা অনুসারে, অবশিষ্ট ৫২টি প্রতিষ্ঠানের দেনার পরিমাণ তিন হাজার ৫৩৭ কোটি ৮৪ লাখ টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, সমীক্ষাকৃত প্রতিষ্ঠানগুলো ১৯৭২ সালে জাতীয়করণ করা হয়েছিল। এরপর ১৯৮২ সালে দুটি প্রতিষ্ঠান (চট্টগ্রাম ফ্লাওয়ার মিলস ও ডায়মন্ড ফুডস) ১৯৮২ সালে সেনাকল্যাণ সংস্থার কাছে হস্তান্তর করা হয়। অপর ৭৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে মূল মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরেজমিনে পরিদর্শনকালে অনেক প্রতিষ্ঠানের কোনো বা সব তথ্য পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে কমিশনের চাহিদা অনুযায়ী সব তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানে সংরক্ষিত নেই। আবার লাভ-লোকসান ও দায়দেনা সম্পর্কিত তথ্যাদি প্রদানে বিভিন্ন প্রতিষ্ঠান অনীহা দেখিয়েছে। ইজারা নীতিমালা চূড়ান্তসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ইজারা দিতে একটি খসড়া নীতিমালাও চূড়ান্ত করা হয়েছে। আবার শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন আরকো ইন্ডাস্ট্রিজের সরকারি অংশের শেয়ার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বেসরকারীকরণ কমিশন। সে সঙ্গে সরকারি শিল্পকারখানার সম্পদ ও দায়দেনা মূল্যায়নের জন্য নয়টি সিএ ফার্মকে তালিকাভুক্ত করেছে কমিশন। গতকাল মঙ্গলবার কমিশনের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল এসব সিদ্ধান্তের কথা জানান। কমিশন চেয়ারম্যান বলেন, ‘সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বেসরকারীকরণের ক্ষেত্রে ইজারা ব্যবস্থা থাকলেও এত দিন এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না। সরকারি শিল্পকারখানা সচলের ক্ষেত্রে ইজারা-ব্যবস্থার বিধান থাকলে এত দিন বেসরকারীকরণ কমিশন থেকে এই ব্যবস্থাও অনুসরণ করা হয়নি।’ এ ছাড়া কমিশনের গতকালের সভায় আরকো ইন্ডাস্ট্রিজের ১১ দশমিক ০৫ শতাংশ শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠানটির এক হাজার শেয়ারের মধ্যে সরকারের হাতে রয়েছে ১১৫টি। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সম্ভাব্য বিক্রয় মূল্য ঠিক করা হয়েছে দুই লাখ ৮৯ হাজার টাকা।তবে সভাশেষে কমিশনের পক্ষ থেকে সম্ভাব্য বিক্রয়মূল্যের পরিমাণ বেড়ে তিন লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তাই শেয়ার বিক্রি করে সরকারের আয় হবে প্রায় তিন কোটি ৪৫ লাখ টাকা।কমিশন চেয়ারম্যান জানিয়েছেন, প্রথমে কোম্পানির অধিকাংশ শেয়ারের বর্তমান মালিকদের কাছে এসব শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে। তাঁরা যদি অপারগ হন সে ক্ষেত্রে সরকারে বাইরের কারও কাছে বিক্রির উদ্যোগ নেবে। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের সম্পদ ও দায়দেনা মূল্যায়নের জন্য যে নয়টি সিএ ফার্মকে তালিকাভুক্ত করা হয়েছে। এগুলো হলো—এ মতিন অ্যান্ড কোং, এ টি তালুকদার অ্যান্ড কোং, বাসু ব্যানার্জি নাথ অ্যান্ড কোং, এম আই চৌধুরী অ্যান্ড কোং, খান ওহাব শফিক অ্যান্ড কোং, কাজী জহির খান অ্যান্ড কোং, রহমান হক, কে এম আলম অ্যান্ড কোং, নুরুল আজিম অ্যান্ড কোং।এদিকে ইজারা চুক্তির নীতিমালার যে খসড়া গতকালের সভায় অনুমোদন করা হয়েছে তাতে বলা হয়েছে, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে ইজারার মেয়াদ হবে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৩৫ বছর। তবে যেকোনো পক্ষ চাইলে নির্ধারিত সময় পর এ চুক্তি বাতিল করতে পারবেন। ইজারার আওতায় নেওয়া সরকারি মিল পরিচালনার ভার তৃতীয় কোনো পক্ষের কাছে হস্তান্তর করতে পারবেন না। এমনকি ইজারা দেওয়া মিলের সম্পত্তি বা মেশিনারি সাব ইজারা বা সাবলেট দিতে পারবেন না এবং অন্য কোনো ব্যবসায়ও ব্যবহার করা যাবে না। কোনো বিরোধ দেখা দিলে দাতা-গ্রহীতা উভয় পক্ষ মিলে আলোচনার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করবেন। তাতেও নিষ্পত্তি না হলে দেশের প্রচলিত বিরোধ নিষ্পত্তি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে।