আরও ২৩ মামলা করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিক ব্যাংকে কেলেঙ্কারি
বেসিক ব্যাংকে কেলেঙ্কারি

বেসিক ব্যাংকের জালিয়াতির ঘটনায় আরও ২৩টি মামলা করছে দুদক। আজ মঙ্গলবার রাতে রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় মামলাগুলো করবেন ওই ঘটনায় দুদকের অনুসন্ধান দলের সদস্যরা।
একই ঘটনায় গতকাল সোমবার ১৮টি মামলা করেছিল সংস্থাটি।
নতুন করে যে ২৩টি মামলা হতে যাচ্ছে তাতেও আসামি হচ্ছেন না ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। অনিয়মের মাধ্যমে ২৩টি ঋণ দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানগুলোর মালিক এবং বেসিক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মামলায় আসামি হচ্ছেন বলে দুদক সূত্র জানিয়েছে।
গতকাল সোমবার রাজধানীর তিনটি থানায় ১৮টি মামলা করেন দুদকের অনুসন্ধান দলের সদস্যরা। মতিঝিল থানায় তিনটি, পল্টন থানায় সাতটি এবং গুলশান থানায় আটটি মামলা হয়েছে। এসব মামলা প্রায় ৬৫৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মোট আসামির সংখ্যা ৫৬ জন।
ব্যাংকের ১৯ জন কর্মকর্তাকে মামলায় আসামি করা হয়েছে। ঋণ গ্রহীতা ২০টি প্রতিষ্ঠানের ৩১ জন এবং চারটি সার্ভে প্রতিষ্ঠানের ছয়জন আসামি হয়েছেন এসব মামলায়।
বেসিক ব্যাংকে প্রায় চার হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় দীর্ঘ অনুসন্ধান শেষে ৮ সেপ্টেম্বর ৫৪টি মামলার অনুমোদন দেয় কমিশন। পরে আরও দুটি মামলার অনুমোদন দেওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে। এই কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম ব্যাপকভাবে উচ্চারিত হলেও কোনো মামলায় তাঁকে আসামি করা হয়নি। 

মামলার এজাহার পর্যালোচনা করে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক, ঋণদান কমিটির সদস্য, প্রধান কার্যালয়ের ঋণ যাচাই কমিটির প্রধান ও ব্যবস্থাপনা পরিচালককে দায়ী করা হয়েছে অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার অভিযোগে। ঋণ দেওয়ার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের নির্দেশনা না মেনে এসব ঋণ দেওয়া হয় বলে বেশির ভাগ এজাহারে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন.. 
১৮ মামলা করল দুদক, আসামি ৫৬ জন