বেসিক ব্যাংক বাঁচাতে ২৬০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দোষীরা আড়ালে, মূলধন ঘাটতি পূরণে বেসিক ব্যাংকের বন্ড কিনছে সরকার, এর আগে দেওয়া হয়েছে ২৩০০ কোটি টাকা

বেসিক ব্যাংকের সাড়ে ৪ হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনার মূল হোতা তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু আড়ালেই রয়ে গেছেন। বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক প্রতিবেদনে তাঁর নাম পর্যন্তও আসেনি। ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। বিচার হয়নি অন্য জড়িত কর্মকর্তা ও ব্যবসায়ীদের। এর মধ্যেই ব্যাংকটির ২ হাজার ৬০০ কোটি টাকার বন্ড কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর মাধ্যমেই জালিয়াতির ফলে সৃষ্টি হওয়া মূলধন ঘাটতি পূরণ করতে চায় ব্যাংকটি।

অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদনে বেসিক ব্যাংক বলেছে, বন্ড হতে পারে ২৬টি এবং প্রতিটি বন্ডের মূল্যমান হতে পারে ১০০ কোটি টাকা। জানা গেছে, পুরো মূলধন ঘাটতিই ব্যাংকটি বন্ডের মাধ্যমে পূরণ করতে চায়। বাংলাদেশ ব্যাংক নিজেই বেসিক ব্যাংককে এ পথ বের করে দিয়েছে বলে বেসিক ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) এ ব্যাপারে আপত্তি করবে না বলে আগাম সম্মতি দিয়েছে বেসিক ব্যাংককে।

আবুল মাল আবদুল মুহিত  অর্থমন্ত্রী, গতকাল সচিবালয়ে  সাংবাদিকদের
আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী, গতকাল সচিবালয়ে সাংবাদিকদের

এদিকে, সেপ্টেম্বর শেষে বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৪২৩ কোটি টাকা। এ সময়ে ব্যাংকটির ১২ হাজার ৮৩৩ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি হয়ে গেছে ৬ হাজার ৭৯৪ কাটি টাকা। অর্থাৎ ব্যাংকটির প্রায় ৫৩ শতাংশ ঋণই খেলাপি হয়ে পড়েছে। এ সময়ে ঋণের বিপরীতে ব্যাংকটির সঞ্চিতি ঘাটতি ৩ হাজার ৭৮৯ কোটি টাকা। অর্থসচিব মাহবুব আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেছেন, ‘বেসিক ব্যাংকের বন্ড কেনার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’
বেসিক ব্যাংক বরাবরই একটি লাভজনক ও ভালো ব্যাংক হিসেবে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে আবদুল হাই বাচ্চুকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকেই এ ব্যাংকের অবস্থা খারাপ হতে থাকে। নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণের নামে ব্যাংকটি থেকে আবদুল হাই বাচ্চুর সময়কালে (২০০৯-১৪) প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা বের করে নেওয়া হয়। এরপর মূলধন ঘাটতি পূরণে ব্যাংকটিকে কয়েক দফায় ২ হাজার ৩০০ কোটি টাকা দিয়েছে সরকার। অর্থাৎ দুর্নীতির মাধ্যমে লুট হওয়া টাকার ঘাটতি সরকার পূরণ করেছে জনগণের করের টাকায়। বিষয়টি নিয়ে অর্থনীতিবিদ ও ব্যাংকারদের সমালোচনা থাকলেও সরকার তা আমলে নেয়নি। এদিকে দুর্নীতির ঘটনার বিচারও হয়নি।

ইফতেখারুজ্জামান  নির্বাহী পরিচালক, টিআইবি
ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক, টিআইবি

এ বিষয়ে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমডি, ডিএমডিরা চাকরিচ্যুত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচার তো দেশের আইন অনুযায়ীই হবে। আর পর্ষদের কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তো আমাদের নেই।’
আলাউদ্দিন এ মজিদ বলেন, ‘ব্যাংকটি চলছে না, এ জন্য আমরা বন্ড বিক্রি করে মূলধন ঘাটতি পূরণ করতে চেয়েছি। বন্ড পেলে ব্যাংকটি নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।’
গত বছরের ৭ জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘ব্যাংকটিতে হরিলুট হয়েছে। আর এর পেছনে ছিল ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু। এখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর কোনো সমস্যা হবে না।’ গতকাল পর্যন্ত আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায়নি।