বেসিক ব্যাংক ২,৬০০ কোটি টাকার বন্ড চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মূলধন ঘাটতি পূরণে সরকারের কাছে ২ হাজার ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করতে চায় বেসিক ব্যাংক। বন্ডের বিপরীতে ব্যাংকটিকে সরকার কোনো টাকা দেবে না। বরং বেসিক ব্যাংকই সরকারকে বন্ডের সমপরিমাণ টাকার শেয়ার দেবে।
বিদ্যমান আর্থিক সংকট থেকে মুক্ত হওয়ার উপায় হিসেবে অর্থ মন্ত্রণালয়ে সম্প্রতি এক আবেদনে ব্যাংকটি এমন দাবি করেছে।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘হয় ব্যাংকটিকে বন্ধ করে দিতে হবে অথবা ব্যাংক পরিচালনার বন্দোবস্ত করতে হবে। ব্যাংকটিকে ভালোভাবে পরিচালনার জন্যই আমরা ২ হাজার ৬০০ কোটি টাকার বন্ড চেয়েছি।’
বেসিক ব্যাংক বরাবরই একটি লাভজনক ও ভালো ব্যাংক হিসেবে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে আবদুল হাই বাচ্চুকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকেই এ ব্যাংকের অবস্থা খারাপ হতে থাকে।
নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঋণের নামে ব্যাংকটি থেকে আবদুল হাই বাচ্চুর সময়কালে (২০০৯-১৪) প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা বের করে নেওয়া হয়। গত জুন পর্যন্ত বেসিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৭৫০ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের অর্ধেকেরও বেশি।
এরপর মূলধন ঘাটতি পূরণে ব্যাংকটিকে কয়েক দফায় ২ হাজার ৩০০ কোটি দিয়েছে সরকার। অর্থাৎ দুর্নীতির মাধ্যমে লুট হওয়া টাকার ঘাটতি সরকার পূরণ করেছে জনগণের করের টাকায়। বিষয়টি নিয়ে অর্থনীতিবিদ ও ব্যাংকারদের সমালোচনা থাকলেও সরকার তা আমলে নেয়নি।
বেসিক ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির মূলধন ঘাটতি বর্তমানে ২ হাজার ৬০০ কোটি টাকা। এই ঘাটতিই ব্যাংকটি বন্ডের মাধ্যমে পূরণ করতে চায়। বাংলাদেশ ব্যাংক নিজেই এ পথ বের করে দিয়েছে বলে বেসিক ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) এ ব্যাপারে আপত্তি করবে না বলে আগাম সম্মতি দিয়েছে বেসিক ব্যাংককে।
অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদনে বেসিক ব্যাংক বলেছে, বন্ড হতে পারে ২৬টি এবং প্রতিটি বন্ডের মূল্যমান হতে পারে ১০০ কোটি টাকা। তবে বেসিক ব্যাংক সূত্র জানায়, গত আগস্টে বেসিক ব্যাংকের পর্ষদে তিনটি বন্ডের প্রস্তাব করা হবে বলে সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১ হাজার কোটি টাকার একটি এবং ৮০০ কোটি টাকার সমমূল্যের দুটি বন্ড।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ বলেন, ‘মূলধন ঘাটতি থাকায় আমরা এখন ব্যবসা করতে পারছি না। সরকার শুধু কাগজের বন্ড দিলে আমরাও খাতাপত্রে দেখাতে পারব যে আমাদের মূলধন ঘাটতি নেই। তখন ব্যবসা করতে পারব এবং ব্যাংকটিকে আগের জায়গায় নিয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার।’
জানা গেছে, জ্বালানি তেল কেনার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) সরকার আগে যে গ্যারান্টি দিত, বেসিক ব্যাংককে ২ হাজার ৬০০ কোটি টাকার বন্ড দেওয়ার বিষয়টিও সে রকম হবে। আর টাকা দিতে হবে না বলেই বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে অর্থ মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যুক্তরাষ্ট্র থেকে আগামী সপ্তাহে দেশে ফেরার পর এ ব্যাপারে তাঁর কাছে একটি সারসংক্ষেপ উপস্থাপন করতে পারে অর্থ বিভাগ।
তবে অর্থসচিব মাহবুব আহমেদ গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছি।’ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান অবশ্য গতকাল বলেন, যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আজই (গতকাল) তিনি অফিস করেন। তাই এ ব্যাপারে হালনাগাদ কোনো তথ্য নেই তাঁর কাছে।
গত বছরের ৭ জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘ব্যাংকটিতে হরিলুট হয়েছে। আর এর পেছনে ছিল ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু। এখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর কোনো সমস্যা হবে না।’
গতকাল পর্যন্ত আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায়নি।
বেসিক ব্যাংকের বন্ডের আবেদনের বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বেসিক ব্যাংক যে বিপদে পড়েছে, তা থেকে উদ্ধার হতে গেলে সরকার বন্ড ছাড়তেই পারে। তবে তা হতে হবে শর্তসাপেক্ষ।’ তিনি উপদেষ্টার দায়িত্বে থাকার সময় বিপিসির জন্য একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন বলেও জানান।