বেসিক ব্যাংকে চার পরিচালক নিয়োগ
রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকে চারজন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
পরিচালক পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন হিসাববিদ হাসান মাহমুদ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রায়হানা আনিসা য়ুসুফ আলী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. মামুন আল-রশীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুজিব আহমেদ। আগামী তিন বছরের জন্য তাঁদের ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৬-এর ৬ ধারার অধীনে গত রোববার বেসিক ব্যাংকের পর্ষদ বাতিল করা হয়। এক দিন পর গতকাল এই ব্যাংকে চারজন পরিচালক নিয়োগ দেওয়া হলো। এ ছাড়া, গতকাল বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আলাউদ্দিন এ মজিদ। আগের দিন তাঁকে নিয়োগ দেওয়া হয়।
প্রসঙ্গত, প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে পদত্যাগ করেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই। শুক্রবার অর্থমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
২০০৯ সালের সেপ্টেম্বরে শেখ আবদুল হাইকে তিন বছরের জন্য বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। ২০১২ সালের সেপ্টেম্বরে তাঁর নিয়োগ নবায়ন করা হয়। তিনি চেয়ারম্যান থাকাকালীন ব্যাংকটিতে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। চেয়ারম্যানসহ বিভিন্নজনের বিরুদ্ধে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে।
আর্থিক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক বেসিক ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করে।
ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ গতকাল কাজে যোগ দিয়েছেন। প্রথম দিনে তিনি সাংবাদিকদের বলেন, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও ব্যাংকের ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।