বেসিক ব্যাংকের অনুসন্ধান কাজে দুদকের বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের দুর্নীতির অনুসন্ধানের দায়িত্ব রয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার কাছে। তার পরও হঠাৎ করে গতকাল বুধবার নতুন করে আরেক কর্মকর্তাকে এ বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
অথচ বিদ্যমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি, কিংবা নতুন করে দল পুনর্গঠনও করা হয়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে দুদকের মধ্যে বিভ্রান্তি দেখা যাচ্ছে।
জানা গেছে, প্রায় আড়াই বছর আগে ২০১১ সালের ডিসেম্বরে বেসিকের অনিয়ম নিয়ে কাজ শুরু করলেও এ পর্যন্ত কিছু নথি সংগ্রহ করা ছাড়া কার্যত কোনো অগ্রগতিই হয়নি।
গতকাল বুধবার পর্যন্ত কয়েক দফা অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে শুধু। অবশ্য মাঝে একবার অভিযোগটি ভুয়া বলেও জানায় দুদক।
শুরুতে বেসিক ব্যাংকের বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমকে। তিনি এক বছরের বেশি সময় এ বিষয়ে অনুসন্ধান করলেও কোনো অগ্রগতি দেখাতে পারেননি।
পরে উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে চার সদস্যের একটি দল গঠন করা হয়। তবে মীর জয়নুল আবেদীন হল-মার্ক কেলেঙ্কারি ও পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে ব্যস্ত থাকায় এ অনুসন্ধানকাজে গতি আসেনি। পরে অনুসন্ধান দল পুনর্গঠন করা হয়। চার সদস্যের এ দলে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। পরে ইকবাল হোসেনকে শাখায় বদলি করা হলে এ দায়িত্ব যায় উপপরিচালক আখতার হামিদের কাছে।
এরপর গতকাল উপপরিচালক আবুল হোসেনকে এ বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা এবং পরিচালক মো. আবু তোরাবকে তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন। কিন্তু উপপরিচালক আখতার হামিদের কাছে ‘দায়িত্ব বুঝিয়ে দেওয়া’র জন্য কোনো চিঠি দেওয়া হয়নি।
জানতে চাইলে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ শাখার উপপরিচালক মো. বেনজীর আহম্মদ প্রথম আলোকে বলেন, গণমাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে এই কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আগের কর্মকর্তা কিংবা অনুসন্ধানের বিষয়ে কিছুই জানেন না বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১১ সালে বেসিক ব্যাংকের বিভিন্ন শাখায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম আমলে নেয় দুদক।
প্রায় এক বছর পর (২০১২ সালের ২২ নভেম্বর) দুদক জানায়, বেসিক ব্যাংকের অভিযোগটি ছিল ভুয়া।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে আবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। আর ২০১৩ সালের জুনে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির প্রতিবেদন দুদকে পাঠায় বাংলাদেশ ব্যাংক।