বেসিক ব্যাংকের কাগজপত্র দুদকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র খাতের বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে সংঘটিত অনিয়মের ওপর বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন এবং বেসিক ব্যাংকের গুলশান ও দিলকুশা শাখার ওপর আরও একটি প্রতিবেদন দুদকে পাঠায়। এর সঙ্গে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, এর আগে গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখার ওপর তৈরি তাদের প্রতিবেদনগুলো ২০১৩ সালের ২৫ জুলাই দুদকে পাঠানো হয়েছে। কিন্তু এসব প্রতিবেদনের বিষয়ে দুদকের গৃহীত কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংক জানে না।

দুদকে প্রতিবেদন পাঠানোর পরে গুলশান ও শান্তিনগর শাখাতে আরও কিছু গুরুতর অনিয়ম ও সন্দেহজনক লেনদেনের তথ্য উদ্‌ঘাটন করে বাংলাদেশ ব্যাংক।যার কপিও গতকাল দুদকে পাঠানো হয়েছে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের বিভিন্ন সভায় সংঘটিত অনিয়মের ওপর বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকের প্রতিবেদনগুলোও এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ২০১৩ সালের নভেম্বর মাসে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। সূত্র জানায়, এই পর্যবেক্ষকের সামনেই বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ নানা গুরুতর অনিয়মের ঋণ অনুমোদন ও পদোন্নতি দিয়েছে। পরবর্তী সময়ে পর্যবেক্ষক কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়কে তা জানান।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৮ জুলাই বেসিক ব্যাংকের তথ্য ও অনুসন্ধান প্রতিবেদন চেয়ে দুদক বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছিল।পরে সুনির্দিষ্টভাবে বেসিক ব্যাংকের বিষয়ে দুদকের চিঠির কথা উল্লেখ না করে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভায় একটি সাধারণ আলোচনা হয়। সেখানে আলোচনায় বলা হয়, দুদক নানা বিষয়ে তথ্য চাইলে তা দেওয়া যাবে কি না। সেখানে জানানো হয়, কয়েক বছর আগে দুদকে তথ্য দেওয়ার বিষয়ে একজন আইনজীবীর মতামত নেওয়া হয়েছিল।নতুন আরও একজন আইনজীবীর মতামত নেওয়া যেতে পারে।এতে সম্মত হয় সবাই। কিন্তু সূত্র বলছে, দুদক যে সুনির্দিষ্টভাবে বেসিক ব্যাংকের তথ্য-উপাত্ত নিজেই চেয়েছে, এটি সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সবাই জানত না।

পরে একজন সিনিয়র আইনজ্ঞের মতামত নিয়ে ২৫ জুলাই বাংলাদেশ ব্যাংক প্রথম দুদকে বেসিক ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন পাঠায়।

অথচ হল-মার্ক কেলেঙ্কারির তথ্য ও প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংক যেচে দুদকে পাঠিয়েছিল।এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও সময় সময় গর্ব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ জাল-জালিয়াতির তথ্যপ্রমাণ ও অনুসন্ধান প্রতিবেদন থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংকের বিরুদ্ধে প্রায় তিন বছর কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তী সময়ে ব্যাংকটির পরিস্থিতি আরও খারাপ হলে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কোনো কোনো কর্মকর্তা যেকোনো মূল্যে এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দৃঢ় অবস্থান নেন। এরপর প্রথমে ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করা হয়।পরে পর্ষদ ভেঙে দিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।