বেসিক ব্যাংকের গুলশান শাখা ব্যবস্থাপক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এস এম ওয়ালিউল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গুরুতর ঋণ অনিয়মের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নিয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এর আগে বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার সকালে বেসিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কেন্দ্রীয় ব্যাংকে ডেকে নিয়ে যায়। জানা যায়, সেখানে গুলশান শাখা ব্যবস্থাপকের ঋণ অনিয়মে সম্পৃক্ততার কথা জানানো হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নিতে বলা হয়।
বিকেলে এস এম ওয়ালিউল্লাহকে সাময়িক বরখাস্ত করে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় ব্যাংকের একটি বিশ্বস্ত সূত্র জানায়, কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় এক দিন আগে অর্থাৎ গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের একদল পরিদর্শক বেসিক ব্যাংকের গুলশান শাখায় আকস্মিক হাজির হন। পরিদর্শকেরা কিছু কাগজপত্র উদ্ধার করে আনেন, যাতে প্রমাণিত হয় যে শাখা ব্যবস্থাপক ভুয়া-অস্তিত্বহীন কোম্পানিকে ঋণ দিতে ইতিবাচক প্রস্তাব পাঠিয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদ তা অনুমোদনও করে। অনুমোদনের পর দ্রুত তা বিতরণ করে দেন শাখা ব্যবস্থাপক।
বেসিক ব্যাংকের একটি সূত্র জানায়, এক বছর আগে এস এম ওয়ালিউল্লাহ গুলশান শাখাতে যোগদান করেন। তার পর থেকে তিনি অনেকগুলো ভুয়া প্রতিষ্ঠানের ঋণ অনুমোদনে ইতিবাচক মন্তব্য করেন। এর একটি হলো ল্যাবস এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানকে ৪০ কোটি টাকার ঋণ অনুমোদন করা হলে প্রথম দিকে ২৭ কোটি টাকা বিতরণ করা হয়। এর মধ্যে প্রতিষ্ঠানটি তাদের সব সম্পদ ও দায় বি আলম নামের আরেক প্রতিষ্ঠানে স্থানান্তর করে।
বিধিনিষেধ থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে শাখা ব্যবস্থাপক বাকি অর্থ ছাড় করে দেন। এই অর্থের বেশির ভাগ অংশ নগদে তুলে নেয় প্রতিষ্ঠানটি। কিন্তু কোটি কোটি টাকা নগদে উত্তোলনের সুযোগ নেই। একইভাবে ওয়েস্ট কোস্ট, সুরমা স্টিল, ডেল্টা সিস্টেমের ঋণ অনুমোদনে শাখা থেকে ইতিবাচক মন্তব্য করা হয়েছিল। কিন্তু এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব ও ঋণ অনিয়ম নিয়ে বাংলাদেশ ব্যাংক তাদের একাধিক পরিদর্শন প্রতিবেদনে গুরুতর অভিযোগ এনেছে।
যোগাযোগ করা হলে ব্যাংকের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘কিছু অভিযোগ এসেছে, যে কারণে তদন্তের স্বার্থে ওয়ালিউল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
এ বিষয়ে এস এম ওয়ালিউল্লাহর বক্তব্য নিতে চেষ্টা করেও পাওয়া যায়নি।