বেসিক ব্যাংকের চেয়ারম্যানের সম্মানজনক বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ আবদুল হাই
শেখ আবদুল হাই

অবশেষে পদত্যাগ করলেন বহুল আলোচিত বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু। তাঁর সময়েই রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক থেকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকই আনুষ্ঠানিকভাবে দায়ী করেছে ব্যাংকটির পর্ষদকে।
সাধারণ মানুষের আমানতের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায় থাকলেও সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং সম্মানজনকভাবে বিদায়ের ব্যবস্থা করেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকেই শেখ আবদুল হাইকে পদত্যাগ করতে বলা হয়েছিল।
গত শুক্রবার ছুটির দিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন শেখ আবদুল হাই। অর্থমন্ত্রী গতকাল শনিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ বিষয়টি স্বীকার করেন। অর্থমন্ত্রী বলেন, ‘বেসিক ব্যাংককে এখন দুরবস্থা থেকে উদ্ধার করতে হবে। এ জন্য কাল রোববার (আজ) নতুন চেয়ারম্যান নিয়োগ দেব, যিনি একজন প্রসিদ্ধ ব্যাংকার। চেয়ারম্যান নিয়োগের পাশাপাশি ঢেলে সাজানো হবে বেসিক ব্যাংকের পুরো পর্ষদকেও।’ যদিও পুরোপুরি ঢেলে সাজানো সম্ভব হবে না—এমন আশঙ্কাও রয়েছে অর্থমন্ত্রীর।
কী কারণ দেখিয়ে পদত্যাগ করলেন শেখ আবদুল হাই—জানতে চাইলে অর্থমন্ত্রী মৃদু হাসলেন। হাসতে হাসতেই তিনি বলেন, ‘এগুলো তো সাধারণত স্বাস্থ্যগত-ফত কারণ দেখিয়েই করা হয়।’
তবে জালিয়াতি ও দুর্নীতির দায়ে অভিযুক্ত চেয়ারম্যান আবদুল হাইকে অপসারণ না করে তাঁকে পদত্যাগের সুযোগ করে দেওয়াটা অনৈতিক কাজ হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। প্রথম আলোকে তিনি আরও বলেন, বেসিক ব্যাংককে পুনর্গঠন করা দরকার। নতুন চেয়ারম্যানকে এ জন্য দায়িত্বশীল হতে হবে। চিহ্নিত করতে হবে বিদায়ী চেয়ারম্যানকে, কে কে অন্যায় কাজে সহযোগিতা করেছে। এই সময়ে বাংলাদেশ ব্যাংকেরও ভূমিকা থাকতে হবে কঠোর। উচিত হবে একটি তদন্ত কমিটি গঠন করা এবং অভিযোগনামা পাঠিয়ে দেওয়া দুদকে।
এদিকে, গতকাল সচিবালয়ে আবদুল হাইয়ের বিচার প্রসঙ্গে প্রশ্ন করলেই অর্থমন্ত্রী ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় একই ধরনের জবাব দেন। সচিবালয়ে অর্থমন্ত্রীর নিজ কক্ষে তাঁর সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন সাংবাদিকেরা। পুরো সময়ই অর্থমন্ত্রীর কণ্ঠস্বর ছিল অনুচ্চ। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির হোতা শেখ আবদুল হাইয়ের কোনো বিচার হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা তদন্তের বিষয়। তদন্তে কারও বিরুদ্ধে কিছু পাওয়া গেলে অবশ্যই বিচার হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) অবশ্য এরই মধ্যে তদন্ত শুরু করেছে।’
বেসিক ব্যাংককে দুর্নীতির আখড়া বানিয়েছেন যাঁরা, আপনারা তাঁদের বিরুদ্ধে ব্যাংকটির মালিক হিসেবে কোনো ব্যবস্থাই নেবেন না?—আবারও প্রশ্ন করা হয় অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রী এবারও বলেন, ‘দেখতে হবে। নতুন চেয়ারম্যান নিয়োগ দিচ্ছি। তাঁর প্রধান দায়িত্বই হবে ব্যাংকটিকে উদ্ধার করা।’
ব্যাংকটির চার থেকে সাড়ে চার হাজার কোটি টাকার ক্ষতি কীভাবে পোষানো হবে—এ প্রশ্নের জবাবও দেন অর্থমন্ত্রী ‘দেখতে হবে’ বলে। পদত্যাগ করাটা তো বেসিক ব্যাংকের চেয়ারম্যানের জন্য ভালো হলো, তাই না?—জানতে চাইলে অর্থমন্ত্রী পাল্টা প্রশ্নে বলেন, ‘আমি কী করে বলব?’
সরকার সরিয়ে দেওয়ার আগে তিনি নিজেই পদত্যাগ করলেন—এটা না হয় বেসিক ব্যাংকের চেয়ারম্যানের জন্য সম্মানজনক হলো, কিন্তু সরকারের জন্য কি ভালো হলো—এমন প্রসঙ্গে অর্থমন্ত্রী অর্ধেক জবাব দিয়ে বলেন, ‘অবশ্যই পদত্যাগ করাটা তাঁর জন্য সম্মানজনক হয়েছে।’
আবদুল হাইয়ের পাশাপাশি ব্যাংকের পর্ষদে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যানসহ আরও কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন, অনিয়ম-দুর্নীতির জন্য তাঁরাও কি সমান দোষী নন—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তদন্ত করে দেখতে হবে।’
সরকার যাঁদের ব্যাংকের পর্ষদে বসায়, তাঁরা উল্টো অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারের ক্ষতি করে। আর পর্ষদ সদস্য নিয়োগের কাজটি করে অর্থ মন্ত্রণালয়। অর্থমন্ত্রী হিসেবে আপনি নিজেও এ জন্য দায়ী বোধ করেন কি না—এমন প্রশ্নের জবাব সারল্যের সঙ্গে স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই দায়ী।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অনেক সময় ভুল হয়। সে জন্য আমরা কাফফারা দিই। যখন নিয়োগ দিই, তখন তো জানি না। পরে টের পাই। ভালো লোক খুঁজে পাওয়াটা সত্যিই এ দেশে কঠিন।’
উল্লেখ্য, ২০০৯ সালের সেপ্টেম্বরে তিন বছরের জন্য ব্যাংকটিতে শেখ আবদুল হাইকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকেই এই ব্যাংকে লুটপাট শুরু হয়। এসব নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হলেও সরকার তা আমলে নেয়নি। তার পরও ২০১২ সালের সেপ্টেম্বরে তাঁকে একই পদে নিয়োগ দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। ফলে ব্যাংকের অবস্থা আরও খারাপ হতে থাকে। এ পরিস্থিতিতে বেসিক ব্যাংকে প্রশাসক বসিয়ে কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ ভেঙে দিতে সুপারিশ করে। কিন্তু অর্থ মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো নির্বিঘ্নে ও সম্মানজনকভাবে ব্যাংক থেকে তাঁকে এখন বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিল।