বেসিক ব্যাংকের ডিএমডি ও পাঁচ কর্মকর্তা বরখাস্ত
রাষ্ট্র খাতের বেসিক ব্যাংকের একজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও পাঁচ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঋণসংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ এনে এদের বিরুদ্ধে সাময়িক এই ব্যবস্থা নেওয়া হয়।
যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও শীর্ষ নির্বাহীর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসিক ব্যাংক গতকাল বৃহস্পতিবার ব্যাংকের ডিএমডি এ মুনায়েম খান, মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদিন চৌধুরী, খন্দকার শামীম হাসান ও মোহাম্মদ আলী, ডিজিএম ও গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক শেপার আহমেদ ও একই শাখার সাবেক উপব্যবস্থাপক জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়। ব্যাংকটির গুলশান ও শান্তিনগর শাখার নানা ঋণ অনিয়মের জন্য পর্ষদ এই ব্যবস্থা নিয়েছে।
একসময় বেসিক ব্যাংক রাষ্ট্র খাতের এমনকি দেশের সবগুলো ব্যাংকের মধ্যে ভালো ছিল। গত কয়েক বছরে ব্যাংকটির পর্ষদ ও শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনা মিলে গুরুতর অনিয়ম করে, জাল-জালিয়াতি ও ভুয়া কোম্পানিকে ঋণ দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কয়েক দফা তদন্ত করেছে। আবার কেন্দ্রীয় ব্যাংক অর্ধেক তদন্ত করেও অসমাপ্ত রেখেছে তাদের কাজ।
বিভিন্ন সময় অর্থমন্ত্রীর কাছে বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংকের অনিয়মের বিষয়ে লিখিত দিয়েছে। দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গত বছরের আগস্ট মাসে এক প্রতিবেদনে অর্থমন্ত্রীকে বলেছে, প্রধান কার্যালয়ের ঋণ যাচাই কমিটি বিরোধিতা করলেও পর্ষদ সেই ঋণ অনুমোদন করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘৪০টি দেশীয় তফসিলি ব্যাংকের কোনোটির ক্ষেত্রেই পর্ষদ কর্তৃক এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পরিলক্ষিত হয় না।’ পর্ষদের ১১টি সভায় ঋণ অনুমোদন করা হয়েছে তিন হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকা। যার অধিকাংশ ঋণই গুরুতর অনিয়ম সংঘটনের মাধ্যমে করা হয়েছে। এই ঋণ পরিশোধ বা আদায় হওয়ার সম্ভাবনা কম বলেও মত দেয় কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকটির চেয়ারম্যান হচ্ছেন শেখ আবদুল হাই। যিনি এরশাদ আমলে বাগেরহাট-মোল্লারহাট থেকে একবার সাংসদ হয়েছিলেন। কিন্তু বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে তাঁর রয়েছে ঘনিষ্ঠতা। ব্যাংক সূত্রগুলো বলছে, কার্যত ব্যাংকটির অধিকাংশ ঋণ বিতরণই হয়েছে এই চেয়ারম্যানের ইচ্ছা অনুসারে। ব্যবস্থাপনাতেও রয়েছে চেয়ারম্যানের নিজস্ব লোক। সাময়িক বরখাস্ত হওয়া মুনায়েম খানও আগে চেয়ারম্যানেরই লোক হিসেবে ব্যাংকে সবার পরিচিত ছিলেন। অতিদ্রুত তাঁর পদোন্নতিও হয়। তিনি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালকের চাকরি ছেড়ে বেসিক ব্যাংকে যোগদান করে দ্রুতই চেয়ারম্যানের বিশেষ আনুকূল্যে ডিএমডি হয়ে যান।
এদিকে, গত ২৬ ফেব্রুয়ারি আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে বা জনস্বার্থে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৬ ধারা উল্লেখ করে নোটিশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এই ৪৬ ধারাতে ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক বা প্রধান নির্বাহীকে অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে।
ফখরুল ইসলামের জবাব আসার পর এখন বাংলাদেশ ব্যাংকের বিচারিক কমিটি, যা স্থায়ী কমিটি নামে পরিচিত, তাদের বিবেচনাতে রয়েছে।
যোগাযোগের চেষ্টা করেও চেয়ারম্যান ও এমডির সেলুলার ফোনের সংযোগ পাওয়া যায়নি। আর মুনায়েম খান প্রথম আলোকে বলেন, কারণ দর্শানো ছাড়াই তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমার অপরাধ কী, তা তো আমাকে জানাতে হবে। মনগড়া অভিযোগে তো কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।’